টানা তিন ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই সুপার কিংস! এই কঠিন পরিস্থিতিতে কবে মাঠে ফিরবেন মহেন্দ্র সিং ধোনি ও ডেওয়াল্ড ব্রেভিস? সিএসকে শিবিরের সর্বশেষ ইনজুরি আপডেট বিস্তারিত জানুন।

মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 6 April 2026 18:47
দ্য ওয়াল ব্যুরো: শুরুটাই দুঃস্বপ্নের। টানা তিন ম্যাচে হার। পয়েন্ট টেবিলের একেবারে তলায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এমন সময় আশার আলো—মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ফিরতে পারেন দলে। পাশাপাশি তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও (Dewald Brevis) কামব্যাক করতে চলেছেন। চেন্নাই শিবির সূত্রে এমনটাই খবর। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচের আগে এই যৌথ প্রত্যাবর্তন সিএসকের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি।
রিপোর্ট অনুযায়ী, ধোনি আগামী কয়েক দিনের মধ্যে ফিটনেস টেস্ট দেবেন। রিপোর্ট সন্তোষজনক হলে সরাসরি একাদশে দেখা যেতে পারে তাঁকে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেননি। কাফ ইনজুরির (calf strain) কারণে প্রথম তিন ম্যাচে অনুপস্থিত ছিলেন। এর আগে নেটে ব্যাট করতে দেখা গেলেও ধোনিকে তড়িঘড়ি মাঠে নামাতে চায়নি টিম ম্যানেজমেন্ট। পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই অপেক্ষার শেষ হতে চলেছে।
অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) আগেই বলেছিলেন, ‘ধোনি ঠিক পথেই আছে। ধীরে ধীরে এগোচ্ছে। খুব তাড়াতাড়িই ফিরবে!’ এবার সেই কামব্যাক বাস্তব হতে চলেছে।
ধোনির পাশাপাশি আরেকটি বড় আপডেট—ডেওয়াল্ড ব্রেভিসের ফেরা। সাইড স্ট্রেনের (side strain) কারণে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেননি তিনি। বেঙ্গালুরুতে দলের সঙ্গে থাকলেও একাদশে জায়গা হয়নি। হেড কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) জানিয়েছেন, ব্রেভিস প্রায় ফিট। বলেন, ‘আমরা আশা করছি, পরের ম্যাচে ও খেলতে পারবে। এই কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ।’এই দুই ক্রিকেটারের ফেরা সিএসকের ব্যাটিং গভীরতা বাড়াবে। বিশেষ করে মিডল অর্ডারে নতুন শক্তি যোগ হবে।
বর্তমান পরিস্থিতি সিএসকের জন্য বেশ উদ্বেগজনক। তিন ম্যাচে তিন হার। নেট রান রেটও খুব খারাপ। দল হিসেবে ছন্দহারা। এই অবস্থায় ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটারের প্রত্যাবর্তন শুধু পারফরম্যান্স নয়, মানসিক দিক থেকেও বড় প্রভাব ফেলতে পারে। মাঠে তাঁর উপস্থিতি দলকে স্থিরতা দেয়, সিদ্ধান্তে আনে আত্মবিশ্বাস।
এখন সবার নজর ফিটনেস টেস্টের দিকে। যদি ধোনি সত্যিই ফেরেন, তবে দিল্লির বিরুদ্ধে ম্যাচটাই হতে পারে সিএসকের ‘রিস্টার্ট পয়েন্ট’। নাহলে চাপ আরও বাড়বে। সময় খুব কম, চ্যালেঞ্জ বড়। আর সেই লড়াইয়ে ধোনির প্রত্যাবর্তনই হতে পারে সিজনের মোড় ঘোরানোর মুহূর্ত।