ইতিহাস ভুবনেশ্বর কুমারের। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে প্রথম পেসার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের মালিক হলেন এই অভিজ্ঞ বোলার। যুজবেন্দ্র চাহালের পর এলিট ক্লাবে যোগ দিলেন ভুবি। বিস্তারিত পড়ুন।

ভুবনেশ্বর কুমার
শেষ আপডেট: 6 April 2026 11:46
দ্য ওয়াল ব্যুরো: চিন্নাস্বামীতে রবিবার রাতে আরসিবি বনাম চেন্নাইয়ের ম্যাচে অনেক কিছুই হল। রজত পাটিদার সামনে থেকে নেতৃত্ব দিলেন, রান পেলেন বিরাট কোহলি, ব্যাট হাতে তুফান ওড়ালেন টিম ডেভিড। কিন্তু সমর্থকদের মনে এতশত মুহূর্ত ছাপিয়ে একটা ঘটনা আলাদা করে মনে থাকবে, যার কেন্দ্রে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। আয়ুষ মাত্রেকে আউট করার পর সতীর্থ খেলোয়াড়রা ছুটে এলেন তাঁর কাছে। দর্শকদের হাততালিতে মুখরিত স্টেডিয়াম! নেপথ্যে স্রেফ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি উইকেট ছিনিয়ে নেওয়া নয়। এটি ছিল আইপিএল ইতিহাসে প্রথম কোনও পেসারের ২০০তম শিকার।
অফ স্টাম্পের বাইরে চ্যালেঞ্জিং লেন্থে ডেলিভারি ছুড়লেন ভুবনেশ্বর। বল হঠাৎ লাফিয়ে উঠল। আয়ুষ মাত্রে পুল মারতে গিয়ে জায়গা পেলেন না—মিসটাইম করলেন। মিড অফে সহজ ক্যাচ লুফে নিলেন রাজত পাটিদার। আয়ুষ আউট ১ রানে। এই উইকেটের সুবাদে ভুবনেশ্বর পৌঁছালেন দুশোয়। এর আগে একমাত্র বোলার হিসেবে এই ক্লাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)—তাঁর ঝুলিতে ২২৪ উইকেট। ভুবনেশ্বর দ্বিতীয় মুখ। পেসার হিসেবে প্রথম।
২০১১ সালে আইপিএল অভিষেক। পুণে ওয়ারিয়র্সের জার্সিতে। তারপর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪৫ ম্যাচে ১৫৭ উইকেট। সেরা মরসুম ২০১৭—২৬ উইকেটে মাথায় পার্পল ক্যাপ। তার আগের সিজনেও (২০১৬) এই সম্মান লাভ করেন (২৩ উইকেট)। পরপর দুই মরসুমে পার্পল ক্যাপ—এমন কীর্তি আর কোনও বোলারের নেই।
কেরিয়ারে বাধা এসেছে—চোট, ফর্মের ওঠানামা। সানরাইজার্স থেকে দু’বছর আগে ছেড়ে দেওয়া হয়। আরসিবিতে এসে নিজেকে ফের মেলে ধরেন। গত মরসুমে ১৭ উইকেট নিয়ে শিরোপাজয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ভুবনেশ্বরের।
অভিজ্ঞ এই বোলারের বোলিংয়ের ধরন আলাদা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে কখনও বল ছোড়েন না। কিন্তু সুইং, সিম মুভমেন্ট ও লেন্থের বৈচিত্র্যে অপ্রতিরোধ্য। এগুলোই তাঁর শক্তি। আইপিএলের মতো টুর্নামেন্ট, যেখানে ব্যাটারদের স্বর্গরাজ্য, সেখানে এই কৌশলকে কাজে লাগিয়ে ২০০ উইকেট নেওয়া কম কথা নয়। গতকালও রানবন্যার রাতে আলোচনার কেন্দ্রে রইলেন ভুবনেশ্বর। ৩৪ বছরে পৌঁছেও আইপিএলের পেস বোলিং ইতিহাস নিজের নামে লিখে ফেললেন।