এই ধরনের ঘটনা খেলোয়াড়দের মধ্যে পরিস্থিতি অস্বস্তিকর করে তোলে এবং খেলার আসল চেতনা থেকে বিচ্যুত করে।

এবি ডি ভিলিয়ার্স
শেষ আপডেট: 2 October 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপ ২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের পর, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং খেলোয়াড়রা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানালে ট্রফি অনুষ্ঠান বিতর্কে (Asia Cup Trophy Controversy) জড়িয়ে পড়ে। এরপর মহসিন নাকভি ট্রফি এবং মেডেলটি তাঁর হোটেলে নিয়ে যান। তাঁর এই কর্মকাণ্ডের পর, বিসিসিআই হুমকি দেয় যে, যদি তিনি ট্রফিটি ফেরত না দেন, তাহলে আইসিসিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।
তবে, মহসিন বিসিসিআইয়ের কাছে ট্রফিটি হস্তান্তর করেননি। লাহোর যাওয়ার আগে তিনি এটি সংযুক্ত আরব আমিরাশাহি বোর্ডের কাছে হস্তান্তর করেন। মহসিনের কাছ থেকে ট্রফি গ্রহণ না করার ভারতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, রাজনীতি এবং ক্রিকেটকে একে অপরের থেকে দূরে রাখা উচিত।
নিজের ইউটিউব শোতে, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার এবি ডি ভিলিয়ার্স বলেছেন, এই ধরনের ঘটনা খেলোয়াড়দের মধ্যে পরিস্থিতি অস্বস্তিকর করে তোলে এবং খেলার আসল চেতনা থেকে বিচ্যুত করে। তিনি ভারতীয় দলের পারফরম্যান্সের খোলামেলা প্রশংসা করে বলেন যে, দলটি বড় বড় প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করেছে।
২০২৫ সালের এশিয়া কাপে ভারতের জয় ঘিরে বিতর্কের কথা উল্লেখ করে, দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন অধিনায়ক বলেছেন, রাজনীতি এবং খেলাধুলার মধ্যে একটি স্পষ্ট রেখা টানা উচিত। এবিডি বলেন, "ট্রফি যিনি উপহার দিচ্ছিলেন তাঁকে নিয়ে টিম ইন্ডিয়া খুশি ছিল না। কিন্তু আমি মনে করি না খেলাধুলায় রাজনীতির অনুমতি দেওয়া উচিত। খেলাধুলা খেলাধুলাই থাকা উচিত। এটা দেখে দুঃখ হয়েছে।"
তবে তিনি টিম ইন্ডিয়াকে প্রশংসা করে এটাও বলেছেন যে, “ভারতকে খুবই শক্তিশালী দেখাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এগিয়ে আসছে, এবং মনে হচ্ছে টিম ইন্ডিয়া কঠিন পরিস্থিতিতেও ভাল খেলছে। তাদের প্রতিভার কোনও অভাব নেই।”