অভিষেক ইতিহাসের সর্বোচ্চ ৯৩১ রেটিং পয়েন্ট নিয়ে প্রায় পাঁচ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। অভিষেক ২০২০ সালে ইংল্যান্ডের ডানহাতি ব্যাটার ডেভিড মালানের করা ৯১৯ রেটিং পয়েন্টের রেকর্ড ভেঙেছেন।

বরুণ-অভিষেক
শেষ আপডেট: 2 October 2025 10:52
দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গোটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছে তিন বার। এশিয়া কাপ ভারতের সাফল্যের পিছনে ছিল বাঁহাতি ওপেনার অভিষেক শর্মার (Abhishek Sharma) দুরন্ত পারফরম্যান্স। টুর্নামেন্ট সেরাও হয়েছিলেন তিনি। এবার তিনি আরও একটি নজির গড়লেন।
অভিষেক শর্মা তাঁর সেরা রেটিং পয়েন্টের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে (ICC T20 Ranking) শীর্ষে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন। পাশাপাশি ভারতের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীও (Varun Chakaravarthy) বোলিং র্যাঙ্কিংয়ে তাঁর শীর্ষ স্থান ধরে রেখেছেন। তবে, পাকিস্তানের সাইম আইয়ুব টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়াকে টপকে শীর্ষস্থানে উঠে এসেছেন।
সম্প্রতি সমাপ্ত এশিয়া কাপে ভারতের খেতাব জয়ের পর অভিষেক ইতিহাসের সর্বোচ্চ ৯৩১ রেটিং পয়েন্ট নিয়ে প্রায় পাঁচ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। আইসিসি জানিয়েছে, ২৫ বছর বয়সি অভিষেক ২০২০ সালে ইংল্যান্ডের ডানহাতি ব্যাটার ডেভিড মালানের করা ৯১৯ রেটিং পয়েন্টের রেকর্ড ভেঙেছেন। এশিয়া কাপের সময় ২০০-এরও বেশি স্ট্রাইক রেটে রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া অভিষেক পিছনে ফেলে দিয়েছেন সূর্যকুমার যাদব (৯১২) এবং বিরাট কোহলির (৯০৯) আগের সেরা রেটিং পয়েন্টকেও।
অভিষেক দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৮২ রেটিং পয়েন্ট এগিয়ে। তিলক বর্মা এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। তিলক এশিয়া কাপে ২১৩ রান করেছেন। শ্রীলঙ্কার ডানহাতি ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা এশিয়া কাপে ২৬১ রান করে দুই ধাপ এগিয়ে কেরিয়ার সেরা পঞ্চম স্থানে পৌঁছেছেন। তাঁর সতীর্থ কুশল পেরেরা (দুই ধাপ এগিয়ে নবম স্থানে), পাকিস্তানের সাহিবজাদা ফারহান (১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে) এবং ভারতের সঞ্জু স্যামসন (আট ধাপ এগিয়ে ৩১তম স্থানে) উঠে এসেছেন।
বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি আন্তর্জাতিক বোলার হিসেবে এখনও শীর্ষে রয়েছেন। তাঁর সতীর্থ কুলদীপ যাদব (নয় ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে), পাকিস্তানের শাহিন আফ্রিদি (১২ ধাপ এগিয়ে ১৩তম স্থানে) এবং বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন (ছয় ধাপ এগিয়ে ২০তম স্থানে) র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। প্রথমবারের মতো অলরাউন্ডারের তালিকার শীর্ষে উঠে এসেছেন আইয়ুব পান্ডিয়াকে ছাড়িয়ে।
ব্যাট হাতে আইয়ুব ব্যর্থ হলেও বল হাতে তিনি এশিয়া কাপে অসাধারণ পারফর্ম করেছেনআটটি উইকেট নিয়ে। যার ফলে তিনি চার ধাপ এগিয়ে পান্ডিয়াকে ছাড়িয়ে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে পৌঁছেছেন। পান্ডিয়া দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন এবং আইয়ুবের চেয়ে আট রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন। পাকিস্তানের মহম্মদ নওয়াজ (চার ধাপ এগিয়ে ১৩তম) এবং শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা (তিন ধাপ এগিয়ে ৩০তম) স্থানে উঠে এসেছেন।