কিন্তু ভাগ্য বেঁকে বসলে কী হয় তার নমুনা আট বছরের অন্ধকার জীবনে দেখেছেন করুণ। সেই আঁধার চকতি দেখা দিয়ে মিলিয়ে গেল নেট সেশনে। যখন বল এসে পাঁজরে আঘাত করল।

করুণ নায়ার
শেষ আপডেট: 19 June 2025 11:26
দ্য ওয়াল ব্যুরো: যাত্রা শুরুর আগেই বড়সড় বিপর্যয়ের হাত থেকে বাঁচলেন করুণ নায়ার (Karun Nair)। আট বছর বাদে দলে ফিরেছেন। শেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে। হাঁকান ট্রিপল সেঞ্চুরি। তবু আচমকা বাদ পড়েন। আর সুযোগ জোটেনি।
আগামিকাল থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ (England Series)। প্রথম একাদশে জায়গা পাকা। ঘরোয়া ক্রিকেটে দু’হাত খুলে রান করেছেন। প্রস্তুতি ম্যাচেও ডবল সেঞ্চুরি। আইপিএলে খারাপ খেলেননি। কোথায় নামবেন তাই নিয়ে ধোঁয়াশা না কাটলেও হেডিংলে টেস্টে ব্যাগি ব্লু টুপি মাথায় যে করুণকে নামতে দেখা যাবে, তাই নিয়ে বিশেষজ্ঞ কিংবা সমর্থক—কারও মনে কোনও সংশয় নেই।
কিন্তু ভাগ্য বেঁকে বসলে কী হয় তার নমুনা আট বছরের অন্ধকার জীবনে দেখেছেন করুণ। সেই আঁধার চকতি দেখা দিয়ে মিলিয়ে গেল নেট সেশনে। যখন বল এসে পাঁজরে আঘাত করল। প্র্যাকটিস চলাকালীন বোলার প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna) একটি ডেলিভারির বাউন্স বুঝতে ভুল করেন করুণ। ব্যাটে না লেগে সেই বল সরাসরি পাঁজরে এসে লাগে (Karun Nair Injury Scare)। মুহূর্তে মাটিতে বসে পড়েন। সময় নেন ধাতস্থ হতে। সতীর্থ ও ডাক্তার-ফিজিওরাও ছুটে আসেন। কিন্তু তারপরই নিজে থেকে উঠে দাঁড়ান। ফের শুরু করেন ব্যাটিং।
এখন অনেক ক্ষেত্রে নেটে বা প্রস্তুতিতে আঘাতের জোর তক্ষুনি বোঝা যায় না। সময় গড়ালে সামনে আসে। এক্ষেত্রে করুণের ক্ষেত্রে বিষয়টি কী দাঁড়ায়, সেদিকে সবার নজর থাকবে।
অন্যদিকে আগামিকাল থেকে শুরু হতে চলে প্রথম টেস্টের ব্যাটিং ক্রম (Batting Order) নিয়ে কিছু প্রশ্নের মীমাংসা করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill) নামবেন চারে, তিনি নিজে (Shubhman Gill) পাঁচে।
কিন্তু এর পাশপাশি একগুচ্ছ প্রশ্নের কোনও সদুত্তর মিলল না। যেমন, যশস্বী জয়সওয়াল, যিনি বর্ডার-গাভাসকার ট্রফিতে ধারাবাহিকভাবে ওপেনে নেমেছেন, তিনি কি হেডিংলে টেস্টেও একই পজিশনে নামবেন? সেক্ষেত্রে তাঁর সঙ্গী কে? কে এল রাহুলের জায়গা প্রথম একাদশে কার্যত পাকা। তাহলে কি রাহুলই হবেন যশস্বীর পার্টনার?
সেক্ষেত্রে তিনে কে? সাই সুদর্শন আর করুণ নায়ারই (Karun Nair) নির্ভরযোগ্য বিকল্প। আইপিএলে খারাপ খেলেননি করুণ। সুদর্শন (Sai Sudarshan) তো পুরোদস্তুর ছন্দে ছিলেন। বিদর্ভের হয়ে লাল বলের রঞ্জি ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়েছেন, মুস্তাক আলির মতো একদিনের টুর্নামেন্টেও ফর্মে ছিলেন করুণ নায়ার। এককথায় ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের দৌলতেই যে জায়গা পাকা করেছেন, সেটা দিনের আলোর মতো স্পষ্ট।