তালিকায় এখন রুটের সামনে শুধুমাত্র একজনই, 'ক্রিকেট ঈশ্বর' শচীন তেণ্ডুলকর, যাঁর রান ১৫,৯২১।
.jpeg.webp)
জো রুট।
শেষ আপডেট: 25 July 2025 21:54
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে (Test Cricket) ব্যাট হাতে ঝলসে উঠলেন জো রুট (Joe Root)। একদিকে যেমন দুর্দান্ত শতরান, অন্যদিকে তেমনই একের পর এক নজির গড়লেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এই শতরানের সুবাদেই টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় একধাক্কায় টপকে গেলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), জ্যাক কালিস (Jacques Kallis) ও রিকি পন্টিংকে (Ricky Ponting)।
ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে রুটের রান ছিল ১৩,২৫৯। এদিন মাত্র ৩০ রান করেই টপকে যান দ্রাবিড়কে (১৩,২৮৮), তার পরেই কালিস (১৩,২৮৯)। কিন্তু থামেননি রুট। ১২০ রানের অনবদ্য ইনিংস খেলে রিকি পন্টিংকেও পিছনে ফেললেন।
এখন পর্যন্ত ১৫৭টি টেস্ট খেলে রুটের ঝুলিতে ১৩,৩৮০-এর বেশি রান। অন্যদিকে, রিকি পন্টিং তাঁর কেরিয়ারে ১৬৮টি টেস্ট খেলে করেছিলেন ১৩,৩৭৮ রান। তালিকায় এখন রুটের সামনে শুধুমাত্র একজনই, 'ক্রিকেট ঈশ্বর' শচীন তেণ্ডুলকর, যাঁর রান ১৫,৯২১।
এই শতরানের হাত ধরেই আরও কিছু নজির গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার
ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ব্যাটার হিসেবে ১০০০ রানের মাইলফলক
লর্ডসের (২১৬৬ রান) পর দ্বিতীয় ভেন্যুতে ১০০০+ রান
ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক (১২টি) শতরান, স্টিভ স্মিথকে টপকে
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এক চক্রে সর্বাধিক চার
ঘরের মাঠে শতরানের সংখ্যাতেও রুট পেরিয়ে গেলেন শচীন তেণ্ডুলকরকে। ইংল্যান্ডের মাটিতে তাঁর সেঞ্চুরি এখন ২৩টি, যেখানে শচীন ভারতীয় মাটিতে করেছিলেন ২২টি।
রুটের এই ব্যাটিং কৃতিত্ব নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে। শচীনকে টপকে যাওয়ার লক্ষ্যে যে তিনি ক্রমশ এগোচ্ছেন, তা স্পষ্ট ম্যাঞ্চেস্টারে এই ইনিংসেই।