অনেকেই বলতে শুরু করে দিয়েছিলেন, বুমরাহর অবসরের সময় এসে গিয়েছে। তবে বুমরাহ তাঁর অবসর নিয়ে ওঠা সমস্ত গুঞ্জনকে এক কথায় উড়িয়ে দিয়েছেন।

জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 11 August 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) তিনটি টেস্টে খেলানো হয়েছে। তিন টেস্টের দুই ইনিংসে তিনি পাঁচটি করে উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন, কেন তিনি আইসিসি টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন।
ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেলে ১৪টি উইকেট নিয়েছেন বুমরাহ। যা প্রমাণ করে দেয় এখনও কেন বিশ্ব-ত্রাস তিনি। তবে ইংল্যান্ড সফরের পঞ্চম টেস্ট চলাকালীনই প্রশ্ন উঠেত শুরু করেছে, লাল বলের ক্রিকেট থেকে কি অবসর (Retirement) নেবেন বুমরাহ?
ম্যাঞ্চেস্টার অনুষ্ঠিত চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে বুমরাহর বলের গতি ছিল তাঁর স্বাভাবিকের থেকে অনেকটাই কম। যা দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। অনেকেই বলতে শুরু করে দিয়েছিলেন, বুমরাহর অবসরের সময় এসে গিয়েছে। তবে বুমরাহ তাঁর অবসর নিয়ে ওঠা সমস্ত গুঞ্জনকে এক কথায় উড়িয়ে দিয়েছেন।
৩১ বছর বয়সি এই ফাস্ট বোলার গত আইপিএলের আগে গুরুতর পিঠের চোট কাটিয়ে বাইশ গজে ফিরেছেন। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন বুমরাহ মারাত্মক চোট পেয়েছিলেন। যার জন্য শেষ টেস্টের মাঝপথ থেকে সরে যেতে হয় তাঁকে। ওই টেস্টে ভারতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। এরপর তিনি বহুদিন মাঠের বাইরে ছিলেন।
তাঁর সেরে ওঠা পর্বে চিকিৎসকরা বারবার বিসিসিআইকে সাবধান করে জানিয়েছিলেন, বুমরাহর ওয়ার্কলোডের বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। সেটা মাথায় রেখেই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের দুই ম্যাচে বুমরাহকে দলের বাইরে রাখেন। পরিকল্পনা অনুযায়ী প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্ট খেলেন ভারতের এই পেসার। কিন্তু ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে তাঁর বলের গতি দেখে অনেকেই বলতে শুরু করে দেন, এবার কি অবসর বৃত্তে প্রবেশ করবেন বুমরাহ? এমন কি প্রাক্তন জাতীয় ক্রিকেটার মহম্মদ কাইফও বুমরাহর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। কাইফের যুক্তি ছিল, এই পেসার যদি নিজের ১০০ শতাংশ না দিতে পারেন, তবে তাঁর অবসর নেওয়া উচিত।
তবে সবার সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং বুমরাহ। সম্প্রতি ইংল্যান্ড সফরের ফটো ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেখানে ক্যাপশনে লেখা রয়েছে, “আমরা একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং মনোমুগ্ধকর টেস্ট সিরিজের দুর্দান্ত স্মৃতি ফিরিয়ে আনছি! এরপর কী হবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” বুমরাহর এই পোস্টই প্রমাণ করে দেয়, তাঁর মাথায় অবসর নিয়ে কোনও চিন্তা-ভাবনা নেই।