চোট-আঘাত না থাকল টি-টোয়েন্টিতে সূর্য অটোমেটিক চয়েজ। আর টেস্ট ও ওডিআইয়ের অধিনায়ক থাকবেন গিল।

রোহিত শর্মা ও শুভমান গিল
শেষ আপডেট: 11 August 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: অধিনায়ক হিসাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই রোহিত শর্মা (Rohit Sharma) এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। রোহিতের দেখানো পথে হেঁটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আলবিদা জানান বিরাট কোহলিও। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে এই দুই মহাতারকা ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ থেকেও সরে দাঁড়ান। রোহিত-বিরাট উত্তর যুগে লাল বলের ক্রিকেটে শুভমান গিলের অধিনায়কত্বে শুরু হয় টিম ইন্ডিয়ার পথ চলা।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও বিরাট ও রোহিত জানিয়েছেন, ওডিআই ফরম্যাটে তাঁরা দেশের জার্সিতে খেলবেন। বিশেষজ্ঞদের মতে, এই দুই তারকারই পাখির চোখ ২০২৭ ওডিআই বিশ্বকাপ খেলা। তবে তা কতটা সম্ভব ভবিষ্যৎই উত্তর দেবে।
এদিকে, অক্টোবরে ওডিআই সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। বোর্ড সূত্রে জানা গিয়েছে, আসন্ন অজি সফরই হতে চলেছে বিরাট কোহল ও রোহিত শর্মার শেষ আন্তর্জাতিক সফর। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, রোহিত পরবর্তী যুগে ভারতের একদিনের দলের অধিনায়কের (Team India, ODI Captain) দায়িত্ব কার উপর বর্তাবে? তবে এখন পর্যন্ত যা জানা গিয়েছে, এই দৌড়ে একটি মাত্র নামই ভেসে রয়েছে, আর তিনি হলেন শুভমান গিল (Shubman Gill)।
বর্তমানে ভারতের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক রয়েছেন। গিল টেস্টে, রোহিত ওডিআই এবং সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে। তবে বোর্ড নাকি ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক চাইছে না। বিসিসিআই সর্বাধিক ২ জন অধিনায়কের পথে হাঁটতে পারে। চোট-আঘাত না থাকল টি-টোয়েন্টিতে সূর্য অটোমেটিক চয়েজ। আর টেস্ট ও ওডিআইয়ের অধিনায়ক থাকবেন গিল।
তবে শুভমানের ওডিআই অধিনায়কত্বের কোনও অভিজ্ঞতা নেই। যদিও তিনি ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের প্রথম সিরিজেই ছাপ রাখতে পেরেছেন। অধিনায়কের চাপ সামলে ইংল্যান্ড সফরে ব্যাট হাতেও তিনি সফল ছিলেন। সেই সঙ্গে আইপিএলেও অধিনায়ক হিসাবে সফল গিল। ভারতীয় দল এখন পরিবর্তনের এক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে, তরুণ খেলোয়াড়ের হাতেই হয়তো দায়িত্ব তুলে দেওয়ার পথে হাঁটবে বিসিসিআই।
রোহিত শর্মা এখনও পর্যন্ত ৫৬টি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন। তাঁর অধিনায়কত্বে, টিম ইন্ডিয়া ৪২টি ওয়ানডে জিতেছে এবং ১২টিতে হেরেছে। ১টি ওয়ানডে ম্যাচ টাই হয়েছে। অধিনায়ক হিসাবে, রোহিতের জয়ের হার এমএস ধোনি এবং বিরাট কোহলির থেকে ভাল।