লাল টকটকে উরুসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এর রং কিংবা ডিজাইন ছাপিয়ে সবার আলোচনায় ৩০১৫! নিরন্তর চর্চা চলেছে। যদিও পর্দাফাঁস করতে বেশি সময় লাগেনি।

রোহিত শর্মা
শেষ আপডেট: 11 August 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো: ড্রিম ইলেভেনের বিজয়ীকে ক’দিন আগে উপহার দেন নিজের পুরনো গাড়ি ল্যাম্বারগিনি উরুস (Lamborghini Urus)। গ্যারাজের সেই ফাঁক পূরণ করতে এবার নতুন চারচাকা কিনলেন রোহিত শর্মা (Rohit Sharma’s New Car)। ব্র্যান্ড সেই একই, মডেলও। স্রেফ গাড়ির রং বদলে গিয়েছে। সদ্য কেনা ল্যাম্বারগিনির উরুস লাল রঙের (Red Lamborghini Urus)। দেখামাত্র যে কেউ তারিফ করতে বাধ্য!
পাশাপাশি চর্চা শুরু হয়েছে গাড়ির নম্বরপ্লেট নিয়েও। ৩০১৫ (3015)। সংখ্যাটা এমনি এমনি হাতে আসেনি। এটা হিটম্যানের বিশেষ আর্জিতে পাওয়া। আসলে তাঁর দুই সন্তানের জন্মদিন মিলিয়ে রোহিত গাড়ির নম্বর রেখেছেন। পাশপাশি ৩০ ও ১৫--দুটি সংখ্যাকে জুড়ে দিলে দাঁড়ায় ৪৫। যা তাঁর জার্সি নম্বরও বটে!
লাল টকটকে উরুসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এর রং কিংবা ডিজাইন ছাপিয়ে সবার আলোচনায় ৩০১৫! নিরন্তর চর্চা চলেছে। যদিও পর্দাফাঁস করতে বেশি সময় লাগেনি। অনুরাগীরা খানিক বাদেই ধরে ফেলেন আসল রহস্য! সংখ্যাটি আসলে রোহিতের দুই সন্তানের জন্মদিনের মিলিত রূপ। ‘৩০’ এসেছে কন্যা সমাইরার জন্মতারিখ থেকে (৩০ ডিসেম্বর)। আর ‘১৫’-র নেপথ্যে ছেলে অহানের জন্মদিন (১৫ নভেম্বর)। দুটি সংখ্যাকে যোগ করলে দাঁড়ায় ৪৫—রোহিতের ওয়ান ডে জার্সি সংখ্যা! এর আগে তাঁর উরুস গাড়ির নম্বর ছিল ২৬৪। ওয়ান ডে ক্রিকেটে রোহিতের ব্যক্তিগত সর্বোচ্চ রান।
খোঁজ নিয়ে জানা গেল, নয়া গাড়ির দামও নজরকাড়া। উরুস এসইয়ের এক্স–শোরুম মূল্য এই মুহূর্তে প্রায় ৪.৫৭ কোটি টাকা। কাগজে-কলমে ক্ষমতা ৮০০ হর্সপাওয়ার, ৯৫০ নিউটন-মিটার টর্ক। ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছতে সময় লাগে মাত্র ৩.৪ সেকেন্ড।
ব্যাট হাতে রোহিতের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল আইপিএলে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে নামেননি। ধারণা করা হচ্ছে, চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে দেখা যাবে। অনেকের ভবিষ্যদ্বাণী: সেটিই হতে পারে তাঁর শেষ আন্তর্জাতিক সিরিজ!
ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করছে এখনই রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তাড়া নেই। বাংলাদেশের বিরুদ্ধে অগস্টে নির্ধারিত সিরিজ বাতিল হওয়ায় টিম ইন্ডিয়ার পরবর্তী ওয়ান ডে সিরিজ অক্টোবরে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চলবে ১৯ থেকে ২৫ অক্টোবর। তারপর রো-কো জুটিকে একদিনের ক্রিকেটে দেখা যাবে কি না, তা এখনই বলা যাচ্ছে না!
আপাতত প্রশ্ন একটাই— ২০২৭ সালের অক্টোবরের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত, যখন রোহিতের বয়স হবে ৪০ এবং কোহলির ৩৯, তাঁরা কি ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারবেন? সওয়ালের জবাব তারকা জুটিকে দিতে হবে খেলার ময়দানে। ঘরোয়া ক্রিকেটে।