হয়তো রানের জন্য কল করতে পারে, কিন্তু তার ডাক হয়তো গিলের কাছে পৌঁছয়নি। আমার মনে হয় জয়সওয়াল এখানেই ভুল করেছে।

গ্রাফিক্স- শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 11 October 2025 20:12
‘গিলের কারণে নয়, নিজের দোষেই রান আউট হয়েছে জয়সওয়াল’, সাফ জানিয়ে দিলেন কুম্বলে
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (India vs West Indies, Second Test) প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল দ্বিশতক মিস করেন। তিনি রান আউট (Yashasvi Jaiswal's Run Out) হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ১৭৫ রান করে। এদিকে সোশ্যাল মিডিয়ায় জয়সওয়ালের রান আউটের জন্য সবাই শুভমান গিলকে (Shubman Gill) দোষারোপ শুরু করে দিয়েছেন।
দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের ৯২তম ওভারের দ্বিতীয় বলে জয়সওয়াল জেডেন সিলসের বলে মিড-অফের দিকে শট হাঁকান। জয়সওয়াল তাৎক্ষণিকভাবে রান চুরি করার চেষ্টায় দৌড়াতে শুরু করেন, কিন্তু নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা গিল আগ্রহী ছিলেন না। জয়সওয়াল ক্রিজে ফিরে আসার চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি। এরপরই নেটিজেনরা জয়সওয়ালের রান আউটের জন্য গিলকে দোষারোপ শুরু করে দেন। তবে ভারতের কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে (Anil Kumble) ব্যাখ্যা করে জানিয়েছেন, দোষটি আসলে কার ছিল।
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে জয়সওয়ালের রান আউট নিয়ে বলেছেন, গিলের কোনও দোষ ছিল না। কুম্বলে বলেছেন, জয়সওয়ালের রান আউট হয়েছেন নিজের দোষে।পাশাপাশি জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক পার্থিব প্যাটেলও বিশ্বাস করেন, গিলের কোনও দোষ ছিল না।
কুম্বলে বলেন, "আমি আশা করিনি, জয়সওয়াল এভাবে আউট হবে। আমি আশা করিনি যে ও এমন ভুল করবে। শটটি দুর্দান্ত ছিল, যশস্বী ভেবেছিল বলটি ফিল্ডার মিস করবে, তাই সে রানের জন্য দৌড়েছে। জয়সওয়াল হয়তো রানের জন্য কল করতে পারে, কিন্তু তার ডাক হয়তো গিলের কাছে পৌঁছয়নি। আমার মনে হয় জয়সওয়াল এখানেই ভুল করেছে।"
এদিকে, প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন, রান আউট হওয়ার ক্ষেত্রে আসলে দোষ থাকে ব্যাটারের এবং শেষ পর্যন্ত তাঁর পরিণতি তাঁকেই ভোগ করতে হয়। একটি রানের পিছনে ছুটতে গিয়ে উইকেট হারানো ভাল ধারণা নয়।