জাদেজার চাই আর মাত্র ৫৮ রান। আর সেটা হয়ে গেলেই স্যার গারফিল্ড সোবার্সের অভিজাত ক্লাবে যোগদান করবেন।

রবীন্দ্র জাদেজা ও গারফিল্ড সোবার্স
শেষ আপডেট: 19 July 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) তৃতীয়টিতে মাত্র ২২ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। লর্ডসে অনুষ্ঠিত সেই ম্যাচের ভারতের দ্বিতীয় ইনিংসে মাটি কামড়ে পড়ে থেকে ভারতকে জেতানোর মরিয়া চেষ্টা করেছিলেন ভারতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
জাদেজার সেই ইনিংস যেমন প্রশংসাও পেয়েছে, পাশাপাশি সুনীল গাভাসকর, রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন কিংবদন্তিরা মনে করছেন, জাদেজার আর কিছুটা আক্রমণাত্মক হওয়া উচিত ছিল। তবে এক্ষেত্রে জাড্ডুর পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।
তবে চলতি সিরিজে ফর্মেই রয়েছেন স্যার জাদেজা, বিশেষ করে ব্যাট হাতে। ইতিমধ্যে টানা চারটি অর্ধশতকের ইনিংস খেলেছেন তিনি। ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত চতুর্থ টেস্টেও যদি জাদেজা তাঁর ফর্ম অব্যহত রাখতে পারেন, তবে তিনি ঢুকে পড়বেন অভিজাতদের একটি বিশেষ ক্লাবে। জাদেজার চাই আর মাত্র ৫৮ রান। আর সেটা হয়ে গেলেই স্যার গারফিল্ড সোবার্সের (Garfield Sobers) অভিজাত ক্লাবে যোগদান করবেন।
সোবার্সের পর জাদেজা এই কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় ক্রিকেটার হবেন
জাদেজা এখন সোবার্সের একটি বিশেষ অর্জনের কাছাকাছি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার সোবার্সই একমাত্র ব্যাটার যিনি ইংল্যান্ডে ষষ্ঠ বা তার নীচের অবস্থানে ব্যাট করে ১০০০ রান করেছেন। সোবার্স ১৬ ইনিংসে ৮৪.৩৮ গড়ে ১০৯৭ রান করেছেন। এর মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জাদেজা। ভারতের এই বাঁহাতি অলরাউন্ডারএখনও পর্যন্ত ২৭ ইনিংসে ৪০.৯৫ গড়ে ৯৪২ টেস্ট রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে। ইংল্যান্ডে ১০০০ টেস্ট রান পূর্ণ করে সোবার্সের অভিজাত তালিকায় যোগদান থেকে তিনি আর মাত্র ৫৮ রান দূরে।
ইংল্যান্ডে টানা চারটি টেস্ট অর্ধশতক করা তৃতীয় ভারতীয় জাদেজা
জাদেজা ইংল্যান্ডে টানা চারটি অর্ধশতক করা তৃতীয় ভারতীয় ব্যাটার। তাঁর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঋষভ পন্থ এই কৃতিত্ব দেখিয়েছেন। চলতি সিরিজে, জাদেজা তিনটি ম্যাচে ১০৯ গড়ে ৩২৭ রান করেছেন, যার মধ্যে চারটি অর্ধশতক রয়েছে। জাদেজা লোয়ার অর্ডারে তাঁর সেরাটা দিচ্ছেন। ভারতের জন্য জাদেজার অবদান গুরুত্বপূর্ণ। তিনি যে ছন্দে রয়েছেন, তাতে এটাই বলাই যায় যে, ম্যাঞ্চেস্টারেই হয়তো জাদেজা ছুঁয়ে ফেলবেন সোবার্সকে।