একজন মানুষের মূল্য শূন্য। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে তারা কী অর্জন করতে চায়? মানুষের জীবনের মূল্য খেলার চেয়েও বেশি হওয়া উচিত।

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 23 August 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup) ভারতের পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) খেলা উচিত কি না সেই নিয়ে নানা মত শোনা যাচ্ছে। হরভজন সিং, কেদার যাদব, ইরফান পাঠানের মতো প্রাক্তন ক্রিকেটাররা মনে করছেন, পহেলগাম ঘটনার পর ভারতের উচিত সর্বক্ষেত্রে পাকিস্তানকে বয়কট করা।
এদিকে, ক্রীড়ামন্ত্রক শুক্রবার জানিয়ে দিয়েছে, এই দুই দেশ দ্বিপাক্ষিক ক্রীড়ায় অংশ নেবে না, তবে বহুদলীয় টুর্নামেন্টে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। কারণ সেক্ষত্রে অন্যান্য দলগুলিও যুক্ত রয়েছে। কেন্দ্রের ক্রীড়ামন্ত্রকের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। জাতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের মতে, পহেলগামের মতো ঘটনা ঘটে যাওয়ার পর কেন্দ্রের এই সিদ্ধান্ত মোটেও মেনে নেওয়া যায় না। তিনি প্রশ্ন তুলেছেন, জীবনের কি কোনও মূল্য নেই।
আগামী মাস থেকে সংযুক্ত আরব আমিরাশাহিতে এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। কিন্তু গোটা ভারত-জুড়ে এই ম্যাচ নিয়ে তীব্র বিরোধিতার আঁচ লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে কমেন্টস। বেশিরভাগেরই বক্তব্য, ভারতের উচিত পাকিস্তানের বিরুদ্ধে না খেলা। এর কারণ হল, এপ্রিলে পহেলগামের সন্ত্রাসী হামলা, যেখানে ১১ জন প্রাণ হারিয়েছিলেন।
পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। ভারত প্রতিটি ক্ষেত্রেই পাকিস্তানের বিরোধিতা করেছে, কিন্তু তবুও অনেকেই এশিয়া কাপে এই ম্যাচের জন্য বিসিসিআইয়ের সম্মতিতে খুশি নন। মনোজ তিওয়ারিও তাদের একজন।
ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ও এই ম্যাচের জন্য সবুজ সংকেত দিয়েছে। তারা বলেছে যে, এই ম্যাচটি কোনও বাধা ছাড়াই অনুষ্ঠিত হবে, তবে ভারত পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। ক্রীড়া মন্ত্রণালয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় মনোজ বলেন, "আমি একটু অবাক হয়েছি যে ম্যাচটি হতে চলেছে। পহেলগামে একটি হামলা হয়েছিল, যেখানে অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন। এর পরে যুদ্ধ হয় এবং অনেক কথা হয়েছিল। বলা হয়েছিল, এবার আমরা উপযুক্ত জবাব দেব। কয়েক মাসের মধ্যেই সবকিছু ভুলে গেলাম। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, এই ম্যাচটি হচ্ছে। একজন মানুষের মূল্য শূন্য। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে তারা কী অর্জন করতে চায়? মানুষের জীবনের মূল্য খেলার চেয়েও বেশি হওয়া উচিত। এই ম্যাচটি দেখার কোনও প্রশ্নই ওঠে না।"