লারা বৈভবকে পরামর্শ দিতে পারবেন কী ভাবে রক্ষণের সময় এবং হালকা হাতে খেলার সময় এটি নিয়ন্ত্রণ করতে হয়।

আম্বাতি রায়ডু ও বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 23 August 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৪ বছর বয়স। আর এই বয়সেই ক্রিকেট-বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে বিহারের কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই বাঁহাতি ব্যাটারের চার-ছক্কার হাত থেকে নিস্তার পাচ্ছেন না বিশ্বের তাবড়-তাবড় বোলাররাও।
আইপিএল অভিষেকেই তাণ্ডবলীলা চালিয়েছে বৈভব। তার দল রাজস্থান রয়্যালস গত আইপিএলে সফল না হলেও বিহারের কিশোর মেতেছিল রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। তাকে নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটারই মুগ্ধতা প্রকাশ করে পরামর্শ দিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন মহেন্দ্র সিং ধোনির বিশেষ বন্ধু।
ধোনির অধিনায়কত্বে দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসে খেলেছেন আম্বাতি রায়ডু (Ambati Rayudu)। খেলেছেন জাতীয় দলের জার্সিতেও। মাহির সঙ্গে বিশেষ সখ্যতা রয়েছে রায়ডুর। তিনি মনে করছেন, বৈভবের উচিত ব্রায়ান লারার (Brian Lara) পরামর্শ নেওয়া।
আইপিএল-২০২৫-এ গুজরাত টাইটান্সের বিপক্ষে বৈভব ৩৫ বলে সেঞ্চুরি করেছিল, যা এই লিগে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম শতরান। এর পরে বৈভব অনূর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়ার হয়ে ইংল্যান্ড সফরেও দুর্দান্ত ব্যাটিং করে। বৈভব হল আইপিএলে অভিষেক হওয়া সবচেয়ে কম বয়সি ক্রিকেটার। আইপিএল নিলামে বিক্রি হওয়া সবচেয়ে কম বয়সি খেলোয়াড়ও বিহারের এই কিশোর। রাজস্থান রয়্যালস যখন তাকে কিনে নেয়, তখন তার বয়স ছিল ১৩ বছর।
ভারতের প্রাক্তন ব্যাটার ও চেন্নাই সুপার কিংসে এমএস ধোনির সঙ্গী আম্বাতি রায়ডু বৈভবকে নিয়ে উচ্ছ্বসিত। শুভঙ্কর মিশ্রের পডকাস্টে তিনি বলেন, "বৈভবের ব্যাটের গতি অসাধারণ। ও যেভাবে চাবুক মারে, আশা করি তাতে বদল আনবে না। ও আরও উন্নতি করবে। লারার মতো কেউ... হয়তো বৈভবের লারার সঙ্গে কথা বলা উচিত। বৈভবের মতো তাঁরও ব্যাটের গতি ছিল। পাশাপাশি দু’জনেই বাঁহাতি ব্যাটার। লারা বৈভবকে পরামর্শ দিতে পারবেন কী ভাবে রক্ষণের সময় এবং হালকা হাতে খেলার সময় এটি নিয়ন্ত্রণ করতে হয়। যদি সে এটি শিখতে পারে তাহলে একজন দুর্দান্ত ক্রিকেটার হবে।"
রায়ডু বিশ্বাস করেন, বৈভব একজন দুর্দান্ত প্রতিভা এবং তার মতো প্রতিভাবান ক্রিকেটার খুব কমই আছে। রায়ডুর মতে, বৈভবের আগামী দিনে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে গণ্য হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর জন্য সঠিক গাইডেন্স প্রয়োজন। তিনি আরও বলেন, বৈভবের অন্যদের কথায় মনোযোগ দেওয়া উচিত নয়।