অদিতি হুন্ডিয়া মডেলিং দুনিয়ার পরিচিত মুখ। আগেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। ফলে সম্পর্কের ফিসফিস নতুন কিছু নয়।

ঈশান ও অদিতি
শেষ আপডেট: 18 February 2026 11:07
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস। ৪০ বলে ৭৭। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ম্যাচ জিতিয়ে শিরোনামে ঈশান কিষাণ (Ishan Kishan)। কিন্তু মাঠের বাইরেও তাঁকে নিয়ে চর্চা থামছে না। মডেল অদিতি হুন্ডিয়ার (Aditi Hundia) সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা নতুন মোড় নিয়েছে। দাদুর ‘সবুজ সংকেতে’র পর এবার মুখ খুললেন ঈশানের মা সুচিত্রা দেবীও (Suchitra Devi)।
দাদুর মন্তব্যে বিয়ের গুঞ্জন
সম্প্রতি ঈশানের দাদু অনুরাগ পাণ্ডে (Anurag Pandey) জানান, অদিতি তাঁর নাতির ‘গার্লফ্রেন্ড’। বলেন, ‘ঈশান যাকে বিয়ে করতে চায়, আমরা রাজি!’ এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়। অনেকেই ধরে নেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টিম ইন্ডিয়ার তারকা!
প্রসঙ্গত, অদিতি হুন্ডিয়া মডেলিং দুনিয়ার পরিচিত মুখ। আগেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। ফলে সম্পর্কের ফিসফিস নতুন কিছু নয়। যদিও এবার পরিবারের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তা আরও জোরালো হয়েছে।
মায়ের স্পষ্ট জবাব
এই জল্পনার মধ্যে গতকাল স্পষ্ট বার্তা দেন ঈশানের মা সুচিত্রা দেবী (Suchitra Devi)। তাঁর কথায়, ‘বিয়ের সময় নয়, এখন ওর সময় ক্রিকেট খেলার। বিয়ের কথা বলার মতো বয়সও হয়নি। দাদু একটু উত্তেজিত হয়ে মন্তব্য রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় যা দেখেছেন, সেটার ভিত্তিতেই উনি যা বলার বলেছেন।’ অর্থাৎ, এখন বিয়ের প্রসঙ্গে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ঈশানের পরবার। ফোকাস আপাতত একটাই—ক্রিকেট!
মাঠে ঈশানের দুরন্ত ফর্ম
ব্যক্তিগত জীবনের গুঞ্জনের মধ্যেও ঈশানের পারফরম্যান্স নজর কাড়ছে। পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন তিনি। পাশাপাশি উইকেটের পিছনে স্টাম্পিং করে উসমান খানকে (Usman Khan) ফিরিয়েছেন। লড়াই শেষে ঈশান বলেন, ‘এই পুরস্কার পুরো দল এবং ভারতীয় সমর্থকদের। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচকে অন্য ম্যাচের মতোই ভেবেছি। শান্ত থেকেছি, বল দেখেছি, তারপর শট খেলেছি।’