ফর্মে আছেন শুভমান, তবু বিশ্বাস অটুট রোহিত-বিরাটে। বিসিসিআইয়ের এই সাফ অবস্থান জানিয়ে দিল, কোনও নাটকীয় বিদায় নয়—দু’জনকেই দেখা যাবে আরও কিছুদিন, ভারতের নীল জার্সিতে।

ছবি: গুগল
শেষ আপডেট: 15 October 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা ছিলই। কখনও ড্রেসিংরুমে, কখনও সোশ্যাল মিডিয়ায়—একটাই প্রশ্ন ঘুরেফিরে আসছিল: বিরাট কোহলি (Virat Kohli) আর রোহিত শর্মার (Rohit Sharma) শেষ নাচ কি এবার অস্ট্রেলিয়ার মাটিতে (Australia Tour)? আগামী ওডিআই সিরিজই (ODI Series 2025) কি টানতে চলেছে দুই মহাতারকার আন্তর্জাতিক কেরিয়ারের ইতি?
চলতি গুঞ্জন থামাতে অবশেষে মুখ খুলল বিসিসিআই (BCCI)। সংস্থার সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) সাফ জানালেন—এমন সব কথার কোনও ভিত্তি নেই, অবসর নেওয়ার সিদ্ধান্ত একান্তই খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয়।
ভারত (India) সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) টেস্ট সিরিজে ২–০ ব্যবধানে হারিয়েছে। আর সেই উচ্ছ্বাসের আবহেই শুক্লার স্পষ্ট ঘোষণা, “রোহিত আর বিরাট দু’জনের দলে থাকা মানে আমাদের জন্য বাড়তি লাভ। ওঁরা দুইজনই বিশ্বমানের ব্যাটার। ওঁদের উপস্থিতির অর্থ জয়ের সম্ভাবনা বেড়ে যাওয়া। তাই কেউ যদি বলে এটাই শেষ সিরিজ, সেটা একেবারে ভুল ধারণা। অবসর কবে নেবেন, তার সিদ্ধান্ত একমাত্র খেলোয়াড়দের।” অর্থাৎ, অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজ নিয়েই যে অবসর-আলোচনার ঝড় উঠেছিল, বিসিসিআই ‘সরকারিভাবে’ তা থামাতে চাইছে। শুক্লার কথায়, “এ নিয়ে বাইরে থেকে অনুমান করা ঠিক নয়। ওঁদের হাতে যখন ব্যাট, আমরা নিশ্চিন্ত!”
সন্দেহ উসকে দিয়েছিল সাম্প্রতিক কিছু রদবদল। শুভমান গিলকে (Shubman Gill) ওডিআই অধিনায়ক করা আর তরুণদের সাফল্য—বিশেষ করে অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক বর্মার (Tilak Varma) মতো ব্যাটারদের দাপট দেখে অনেকেই ভাবছিলেন, হয়তো ‘রো-কো’ যুগ শেষ হতে চলেছে। ২০২৭ সালের বিশ্বকাপের (ICC Cricket World Cup 2027) সময় রোহিতের বয়স দাঁড়াবে ৪০, বিরাটের ৩৯। ফলে গুঞ্জন: এটাই হয়তো শেষ সিরিজ।
কিন্তু পরিসংখ্যান বলে, অভিজ্ঞতা দুজনের পক্ষে। রোহিত ২৭৩ ম্যাচে করেছেন ১১,১৬৮ রান, গড় ৪৮.৭৬, স্ট্রাইক রেট ১০৮-এর কাছাকাছি। ৩২টি শতরান, ৫৮টি অর্ধশতরান, সর্বোচ্চ ইনিংস ২৬৪। এ বছর ৮ ওডিআই-তে রান করেছেন ৩০২, একটি সেঞ্চুরি, একটি হাফসেঞ্চুরি। কোহলির পরিসংখ্যান আরও ভয়ঙ্কর—৩০২ ম্যাচে ১৪,১৮১ রান, গড় ৫৭.৮৮, ৫১ শতরান, ৭৪ অর্ধশতরান, সেরা ইনিংস ১৮৩। এখনও তাঁকে ছুঁতে পারেনি উপমহাদেশের কোনও ব্যাটার।
বর্তমানে তাঁরা দু’জনেই খেলছেন একমাত্র ওডিআই ফরম্যাটে। টেস্ট ও টি-২০ থেকে বিদায় নিয়ে এখন পাখির চোখ শুধু পঞ্চাশ ওভারের ক্রিকেটে। ১৯ অক্টোবর শুরু অস্ট্রেলিয়া সফর। আর সেখানেই ময়দানে দেখা যাবে দুই মহারথীকে।
এই আবহে রাজীব শুক্লা শুধু গুঞ্জনের জবাবই দেননি, শুভমানের দলকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া গেল। আমি নিশ্চিত, গিলের নেতৃত্বে ভারত ওডিআই সিরিজেও জিতবে।”
অর্থাৎ, ফর্মে আছেন শুভমান, তবু বিশ্বাস অটুট রোহিত-বিরাটে। বিসিসিআইয়ের এই সাফ অবস্থান জানিয়ে দিল, কোনও নাটকীয় বিদায় নয়—দু’জনকেই দেখা যাবে আরও কিছুদিন, ভারতের নীল জার্সিতে। কেরিয়ারে ‘শেষ সফর’-এর গল্প নিছকই গুজব মাত্র!