চেন্নাই সুপার কিংসে আর থাকতে চাইছেন না অশ্বিন। এই বিষয়ে তিনি সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনাও করেছেন।

রবিচন্দ্রন অশ্বিন
শেষ আপডেট: 8 August 2025 20:29
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL) পরবর্তী মরশুমের জন্য এখনও অনেক দিন বাকি থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলি দল গোছাতে শুরু করে দিয়েছে। এদিকে জানা গিয়েছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) মতো কিছু তারকা ক্রিকেটার চাইছেন পুরনো দল ছেড়ে নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে। রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin) রয়েছেন সেই তালিকায়।
চেন্নাই সুপার কিংসে (CSK) আর থাকতে চাইছেন না অশ্বিন। এই বিষয়ে তিনি সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনাও করেছেন। আইপিএলের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, চেন্নাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্তা বলেছেন, "কোনও খেলোয়াড়ের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। ধরে রাখার সময়সীমাও এখনও ঘোষণা করা হয়নি, তাই আমাদের কাছে এখনও সময় আছে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলার পরিকল্পনা নিলামের আগেই করা হয়েছিল এবং একজন সিনিয়র হিসাবে, অশ্বিন এর অংশ। পরবর্তী আইপিএল মরশুমের আগে দলে ভূমিকা বোঝার জন্য এটি একটি পারস্পরিক আলোচনা।"
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩৮ বছর বয়সি অশ্বিনকে ২০২৫ মরশুমের মেগা নিলামে সিএসকে ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল। চেন্নাইয়ের বাসিন্দা অশ্বিন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিএসকে দলের অংশ ছিলেন। শেষ আইপিএলে নয়টি ম্যাচ খেলে মাত্র সাতটি উইকেট নিয়েছেন অশ্বিন। আইপিএল ২০২৫ মরশুম সিএসকের জন্য ভাল যায়নি। চারটি জয় এবং ১০টি হার নিয়ে তারা টেবিলের লাস্ট বয় হিসাবে আইপিএল শেষ করেছিল।
এদিকে জানা গিয়েছে, সঞ্জু স্যামসনও রাজস্থান রয়্যালসের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছেন না। জল্পনা চলছে যে, চেন্নাই উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে নিতে পারে। পাশাপাশি জানা গিয়েছে, সঞ্জুকে নেওয়ার দৌড়ে রয়েছে কেকেআর ও দিল্লি ক্যাপিটালসও। তবে রাজস্থান এখনও তাঁকে ধরে রাখা বা ছেড়ে দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।