বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, আজ নয়, সেই চব্বিশের টি-২০ বিশ্বকাপ থেকেই বোর্ডের র্যাডারে ছিলেন তরুণ ওপেনার। তাৎপর্যপূর্ণভাবে ওই টুর্নামেন্টে শুভমান প্রাথমিক দলেই জায়গা পাননি, ছিলেন রিজার্ভ টিমে! তা সত্ত্বেও ভাবী অধিনায়ক হিসেবে তাঁর দিকেই নজর রেখেছিলেন নির্বাচকরা।

শুভমান গিল
শেষ আপডেট: 25 May 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: সিদ্ধান্তে সিলমোহর পড়েছে গতকাল। কিন্তু তার সলতে পাকানো শুরু হয়েছিল গত বছর।
শুভমান গিল (Shubhman Gill) আসন্ন ইংল্যান্ড সিরিজে (England Series) টেস্ট টিমের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। রোহিত শর্মা (Rohit Sharma) অবসর গ্রহণ করায় নেতৃত্ব কাউকে না কাউকে নিতেই হত। চর্চায় উঠে আসে একাধিক নাম। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থেকে কেএল রাহুল (KL Rahul)। নবীন-প্রবীণ মিলিয়ে একাধিক ক্রিকেটারের ভিড়ে উঁকি দিচ্ছিলেন শুভমান গিলও। শেষমেশ বাকিদের সরিয়ে শুভমানেই আস্থা রাখলেন নির্বাচকরা।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, আজ নয়, সেই চব্বিশের টি-২০ বিশ্বকাপ থেকেই বোর্ডের র্যাডারে ছিলেন তরুণ ওপেনার। তাৎপর্যপূর্ণভাবে ওই টুর্নামেন্টে শুভমান প্রাথমিক দলেই জায়গা পাননি, ছিলেন রিজার্ভ টিমে! তা সত্ত্বেও ভাবী অধিনায়ক হিসেবে তাঁর দিকেই নজর রেখেছিলেন নির্বাচকরা।
আর এই অনুমান যে সত্যি, তার বড় প্রমাণ জিম্বাবোয়ে সিরিজ। ওই সিরিজ টি-২০ বিশ্বকাপ মিটতেই শুরু হয়েছিল। সেখানে দলের নেতৃত্বের রাশ তুলে দেওয়া হয় শুভমানের হাতে। আর এতে অনুমোদন দেন রাহুল দ্রাবিড়। তাঁর সবুজ সংকেত পেয়েই আগামী দিনের অধিনায়ক হিসেবে শুভমানকে ‘গ্রুম’ করা শুরু।
কিন্তু ইংল্যান্ড সফরের মতো অ্যাসিড টেস্ট কীভাবে সামাল দিতে পারবেন গিল? যেখানে বিদেশের মাটিতে তাঁর পারফরম্যান্স নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে, কৃষ্ণামাচারি শ্রীকান্তের মতো প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তোলার ঢঙে সাফ জানিয়ে দিয়েছেন, শুভমান ঘরের মাঠে রাজা, বাইরের ময়দানে সেভাবে নিজের জাত চেনাতে পারেননি!
এই তত্ত্ব মানতে নারাজ সলিল আঙ্কোলা। জাতীয় দলের প্রাক্তন নির্বাচক প্রধানের মতে, বছর পঁচিশের শুভমান ইতিমধ্যে যথেষ্ট পরিণত। তাঁর উপর আস্থা রাখা যেতেই পারে। সলিলের যুক্তি, ‘শুভমান তরুণ, বিচক্ষণ। এখন দরকার আত্মবিশ্বাস। যা শুভমানকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার মতে, শুভমানকে আরও আগে, যখন বিরাট, রোহিতরা দলে ছিল, তখনই অধিনায়ক করা উচিত ছিল।‘
একই সুর গুজরাত টাইটানসের কর্ণধার অরবিন্দ সিংয়ের বক্তব্যে। বলেছেন, ‘যেভাবে গুজরাত টাইটানসে অধিনায়কত্বের দায়িত্ব বুঝে নিয়েছে, সেটা সত্যি বিস্ময়কর। এটা হতেই হত। কারণ গিলের ভবিতব্যে বড়সড় দায়িত্ব সামলানোর কথা লেখা আছে।‘
একমত দিলীপ বেঙ্গসরকারও। প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘যখন থেকে ওরা সিদ্ধান্ত নিয়েছে, গিলের নেতৃত্ব-দক্ষতার উপর আস্থা রেখেছে। এটাই ওকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার সঠিক সময়। ইংল্যান্ডে ছবিটা কেমন দাঁড়ায়, তার জন্য অপেক্ষা করতে হবে। ব্যাটসম্যান হিসেবে ও বরাবর উঁচুদরের।‘
যদিও শুভমান-স্তুতির মধ্যে বেসুর গেয়েছেন কারসন ঘাউড়ি। প্রাক্তন ভারতীয় সিমার। ২০১১ সালে তিনিই বছর বারোর শুভমানকে আবিষ্কার করেন। ঘাউড়ির যুক্তি, টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক এখনও দলের দায়িত্ব সামলাতে তৈরি নন। বলেছেন, ‘কোনও টেস্ট টিমকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। এটা গুজরাত টাইটানসের অধিনায়কত্বের তুলনায় বেশ কঠিন ব্যাপার। ব্যাটসম্যান হিসেবে শুভমানের উপর অনেক চাপ থাকবে। নেতৃত্ব বাড়তি চাপ তৈরি করবে। কীভাবে তা সামাল দেবে সেদিকে সবাই নজর রাখবে। শুভমান বেশ তরুণ, অনভিজ্ঞ দলকে নেতৃত্ব দেবে। ইংল্যান্ডকে হারানো মারাত্মক কঠিন কাজ!’