সম্মিলিত সিদ্ধান্তে কড়া নজরদারি, নির্দিষ্ট দর্শকসীমা এবং বহুমাত্রিক নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে এবার আইপিএল ফিরতে চলেছে চিন্নাস্বামীতে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট—সতর্কতার আবরণেও এই প্রত্যাবর্তন আনন্দের।

চিন্নাস্বামী স্টেডিয়াম
শেষ আপডেট: 13 February 2026 11:34
দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাসের বিরতির পর ফের আইপিএল (Indian Premier League) ম্যাচ আয়োজনের অনুমতি পেল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M Chinnaswamy Stadium)। তবে শর্ত একাধিক। দর্শকসংখ্যা সর্বোচ্চ ৩৫ হাজার। পাশাপাশি মানতে হবে কঠোর নিরাপত্তা বিধি। কর্নাটক মন্ত্রিসভা (Karnataka Cabinet) এই সিদ্ধান্ত নিয়েছে জাস্টিস কুনহা রিপোর্টের (Justice Cunha Report) সুপারিশের ভিত্তিতে।
গত জুনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) শিরোপা উদ্যাপন ঘিরে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। তারপরই চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ম্যাচ আয়োজন স্থগিত রাখা হয়।
কুনহা রিপোর্টের শর্তে অনুমতি
কর্নাটকের পরিবহণমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি (Ramalinga Reddy) জানিয়েছেন, কুনহা রিপোর্টে সর্বোচ্চ ৩৫ হাজার দর্শকসীমার কথা বলা হয়েছে। সেই শর্ত মেনেই অনুমতি। স্বরাষ্ট্রমন্ত্রী ড. জি পরমেশ্বর (Dr G Parameshwar) বিধান সৌধয় (Vidhana Soudha) উচ্চপর্যায়ের বৈঠক করেন। উপস্থিত ছিলেন কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Karnataka State Cricket Association) সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad), পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা।
সরকারের বক্তব্য, সুপারিশ তিন ভাগে ভাগ করা হয়েছে—তাৎক্ষণিক ব্যবস্থা, মধ্যমেয়াদি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকাঠামো সংস্কার। গেট চওড়া করা, পার্কিং ব্যবস্থার উন্নতি, পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স রাখা, স্বাস্থ্য ও অগ্নিনির্বাপণের প্রস্তুতি—এসব বাধ্যতামূলক। একটি বিশেষ তদারকি কমিটিও গঠন করা হয়েছে। পুলিশ কমিশনার, স্বাস্থ্য দপ্তর, পিডব্লিউডি ও দমকল বিভাগের প্রতিনিধিদের সেখানে হাজির থাকার কথা। তাঁদের সার্টিফিকেশন ছাড়া ম্যাচ আয়োজন সম্ভব নয়।
নিরাপত্তায় ঢিলেমি নয়, জানিয়ে দিল সরকার
উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivakumar) স্পষ্ট করেছেন, আসনসংখ্যার বাইরে একটি টিকিটও বিক্রি করা যাবে না। রিপোর্টে যা বলা হয়েছে, সবকিছুর বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ‘যুবসমাজ ও ক্রিকেটপ্রেমীদের স্বার্থে ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু নিরাপত্তা নিয়ে কোনও আপস চলবে না!’ কর্নাটক সরকারের তরফে একে ‘ক্রিকেটপ্রেমীদের জন্য সুসংবাদ’ বলেও অতীতের দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, আলোচ্য বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব তুষার গিরিনাথ, রাজ্য পুলিশের মহাপরিচালক এম এ সলিম, বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সম্মিলিত সিদ্ধান্তে কড়া নজরদারি, নির্দিষ্ট দর্শকসীমা এবং বহুমাত্রিক নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে এবার আইপিএল ফিরতে চলেছে চিন্নাস্বামীতে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট—সতর্কতার আবরণেও এই প্রত্যাবর্তন আনন্দের।