Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিন্নাস্বামীতে ফিরছেন কোহলি, কিন্তু গ্যালারি ফাঁকা! বন্ধ দরজার আড়ালেই বিজয় হাজারে ম্যাচ

আপাতত বেঙ্গালুরুর ক্রিকেটপ্রেমীদের সন্তুষ্ট থাকতে হবে টিভির পর্দায়। কোহলির ঘরোয়া প্রত্যাবর্তন চোখের সামনে দেখার অপেক্ষা আরও কিছুদিন বাড়ল—নিরাপত্তার ভারই যে এখন সবচেয়ে ভারী!

চিন্নাস্বামীতে ফিরছেন কোহলি, কিন্তু গ্যালারি ফাঁকা! বন্ধ দরজার আড়ালেই বিজয় হাজারে ম্যাচ

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 December 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন পর বেঙ্গালুরুতে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির (Virat Kohli) প্রত্যাবর্তন—খবর ছড়ানোমাত্র উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো। রিপোর্ট বলছে, দিল্লির বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) ম্যাচে কোহলির খেলা দেখতে গ্যালারিতে ঢোকার সুযোগ পাবেন না সমর্থকেরা। নিরাপত্তাজনিত কারণেই ম্যাচ আয়োজন করা হতে পারে সম্পূর্ণ বন্ধ দরজার আড়ালে।

সরকারের আপত্তিতেই পরিকল্পনা বদল

সূত্রের খবর, কর্নাটক সরকার স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (Karnataka State Cricket Association) নির্দেশ দিতে চলেছে—চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় হাজারের ম্যাচ হবে, কিন্তু দর্শক ছাড়া। যদিও প্রথমে কেএসসিএ (KSCA) ভেবেছিল দু’টি স্ট্যান্ড খুলে প্রায় দুই থেকে তিন হাজার দর্শক ঢোকানো যেতে পারে, তবে সেই প্রস্তাবে আপত্তি তোলে রাজ্য প্রশাসন। নিরাপত্তা, অগ্নিনির্বাপণ, ভিড় নিয়ন্ত্রণ—এই তিনটি বিষয় নিয়ে নাকি এখনও একাধিক প্রশ্নের সদুত্তর মেলেনি। বিশেষ করে ছুটির মরশুমে আদৌ গণ-উন্মাদনা সামাল দেওয়া সম্ভব হবে কিনা—এই নিয়ে দ্বিধায় রাজ্য প্রশাসন।

এই শঙ্কার মূল কারণ খেলোয়াড়দের উপস্থিতি। বিরাট কোহলি ও ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি দলে থাকা নিশ্চিত হতেই কেএসসিএ আগের ভেন্যু বদলে ম্যাচ সরিয়ে আনে চিন্নাস্বামীতে। কিন্তু তাতে সমস্যা কমার বদলে বেড়ে গিয়েছে। শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় স্টেডিয়াম। ভিড় জমলে আইনশৃঙ্খলা সামলানো কঠিন হবে। যা প্রশাসনের আশঙ্কা বাড়াচ্ছে।

পরিদর্শনেও মনোভাব বদলায়নি

কেএসসিএর আবেদনের পর সোমবার স্টেডিয়াম ভিজিটে যায় সরকারি কমিটি। সেখানে পুলিশ, পূর্ত দফতর ও দমকল বিভাগের প্রতিনিধিরা ছিলেন। মঙ্গলবার রিপোর্ট জমা পড়ার কথা। তবে প্রশাসনিক সূত্রের দাবি, রিপোর্ট যাই বলুক, দর্শক ঢোকানোর ব্যাপারে সরকারের মনোভাব আপাতত বদলানোর সম্ভাবনা কম।

কোহলি ও পন্থ সোমবার গভীর রাতে বেঙ্গালুরু পৌঁছেছেন। ২৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের (Andhra) বিরুদ্ধে দিল্লির ম্যাচের আগে অনুশীলনে নামার কথা। আইপিএল বিজয়োৎসবে ‘পদপৃষ্টে’র সেই ভয়াবহ ঘটনার পর এই ম্যাচ হতে চলেছে চিন্নাস্বামীতে কোহলির প্রথম উপস্থিতি।

জুনের করাল ছায়া কাটেনি এখনও 

গত ৪ জুন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) আইপিএল শিরোপা উদ্যাপনের পর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপৃষ্টের ঘটনায় ১১ জন মারা যান, বহু মানুষ আহত হন। সেই ঘটনার পর কার্যত বড় ম্যাচ আয়োজনের অধিকার হারিয়েছে এই আইকনিক ময়দান।

পাশাপাশি প্রভাব পড়েছে জাতীয় সূচিতেও। বিসিসিআই (BCCI) মহিলা বিশ্বকাপের (Women’s World Cup) পাঁচটি ম্যাচ—ফাইনাল-সহ—এখান থেকে সরিয়ে নেয়। এমনকি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) নির্ঘণ্টেও চিন্নাস্বামীর নাম রাখা হয়নি।

এরই মধ্যে কেএসসিএ সভাপতির দায়িত্ব নেওয়ার পর ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) নিরাপত্তা সংস্কারে জোর দিয়েছেন। বিচারপতি জন মাইকেল ডি’কুনহার (Justice John Michael D’Cunha) রিপোর্টে স্টেডিয়ামকে বড় জমায়েতের জন্য ‘বিপজ্জনক’ বলার পর বিষয়টি আরও স্পর্শকাতর। উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Shivakumar) প্রকাশ্যে চিন্নাস্বামীতে ক্রিকেট ফেরানোর পক্ষে কথা বললেও, প্রশাসন এখনই ঝুঁকি নিতে নারাজ।

ফলে আপাতত বেঙ্গালুরুর ক্রিকেটপ্রেমীদের সন্তুষ্ট থাকতে হবে টিভির পর্দায়। কোহলির ঘরোয়া প্রত্যাবর্তন চোখের সামনে দেখার অপেক্ষা আরও কিছুদিন বাড়ল—নিরাপত্তার ভারই যে এখন সবচেয়ে ভারী!


```