রাজস্থান হয়তো দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ভাবছে। গম্ভীরের মতো অভিজ্ঞ ক্রিকেট-মস্তিষ্ক থাকলে ফ্র্যাঞ্চাইজির কাঠামো শক্তিশালী হবে—এটা স্বাভাবিক হিসেব।

গৌতম গম্ভীর
শেষ আপডেট: 17 February 2026 11:17
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে (IPL 2026) বড় চমক! ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) দলে টানতে মরিয়া রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ফ্র্যাঞ্চাইজির মালিকানায় রদবদলের মধ্যেই গম্ভীরকে নাকি ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকায় দলে যোগ দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে আপাতত তাতে ইচ্ছে থাকলেও ‘হ্যাঁ’ বলার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ মূলত জাতীয় দলের দায়িত্ব ও স্বার্থের সংঘাতের জোড়া বাধা।
মালিকানা বদলের সময় খোঁজ শুরু
২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এই মুহূর্তে মালিকানা কাঠামোয় পরিবর্তনের পথে। নতুন বিনিয়োগকারী যোগ দেওয়ার কথা। সেই প্রেক্ষাপটে ক্রিকেট পরিচালনায় শক্ত ভিত গড়তে চাইছে ফ্র্যাঞ্চাইজি। সূত্রের দাবি, গম্ভীরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মেন্টর, সিইও বা কৌশলগত উপদেষ্টা—এমন কোনও গুরুত্বপূর্ণ পদে যুক্ত হওয়ার বিষয়ে।
বিশেষজ্ঞদের নজরে, আইপিএলে গম্ভীরের ট্র্যাক রেকর্ড তাঁকে আকর্ষণীয় করে তুলেছে। কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) দু’বার অধিনায়ক হিসেবে শিরোপা জিতিয়েছেন। পরে মেন্টর হিসেবেও ঈর্ষণীয় সাফল্য। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সঙ্গেও তাঁর ভূমিকা নজরকাড়া—টানা দু’মরশুম প্লে-অফে ওঠে দল।
এই মুহূর্তে যোগদান কেন সম্ভব নয়?
সমস্যা একটাই—গম্ভীর আপাতত ভারতীয় দলের প্রধান কোচ। বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে তাঁর চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। জাতীয় দলের দায়িত্বে থেকে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়া সরাসরি স্বার্থের সংঘাত ঘনিয়ে তুলবে।
তার উপর চলছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। ভারত ইতিমধ্যে সুপার এইটে উঠেছে। টুর্নামেন্টের শেষ পর্যায়ে দলকে গাইড করাই এখন গম্ভীরের একমাত্র লক্ষ্য। সামনে ২০২৭ বিশ্বকাপ চক্র, তারপর ২০২৮ অলিম্পিকে নামার সম্ভাবনাও উজ্জ্বল। সব মিলিয়ে আগামীতে ভারতীয় ক্রিকেটের রীতিমতো ব্যস্ত সূচি। ফলে জাতীয় দায়িত্ব থেকে সরে এসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরার সুযোগ আপাতত নেই বললেই চলে।
ভবিষ্যতের দরজা খোলা?
রাজস্থান হয়তো দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ভাবছে। গম্ভীরের মতো অভিজ্ঞ ক্রিকেট-মস্তিষ্ক থাকলে ফ্র্যাঞ্চাইজির কাঠামো শক্তিশালী হবে—এটা স্বাভাবিক হিসেব। তবে বর্তমান প্রেক্ষিতে তিনি ভারতীয় ক্রিকেটেই মন দিতে চাইবেন। ফলে গুঞ্জন যত জোরাল হোক, এখনই রাজস্থানের ডাগআউটে গম্ভীরকে দেখার সম্ভাবনা ক্ষীণ। জাতীয় দায়িত্বই তাঁর অগ্রাধিকার—এটা সাফ। ভবিষ্যতে পরিস্থিতি বদলালে আইপিএলে ‘গম্ভীর অধ্যায়’ফের খোলা হবে কি না, সেদিকে নজর থাকবে।