১৮ বছর আগে করা একটি চুক্তির শর্তের সুবাদে আজ তাঁর পরিবারের অ্যাকাউন্টে কয়েকশো কোটি আসতে চলেছে। ওয়ার্ন মাঠে তো অসাধারণ, কিন্তু মাঠের বাইরেও কতটা শানিতবুদ্ধির ছিলেন, এই খবর তারই প্রমাণ।

শেন ওয়ার্ন
শেষ আপডেট: 25 March 2026 11:14
দ্য ওয়াল ব্যুরো: মাঠে নেমে যেমন পাটা পিচেও বল হাতে ঘূর্ণি ওড়াতেন, ব্যবসায়িক বুদ্ধিতে যে তেমনই ‘ধুরন্ধর’ ছিলেন শেন ওয়ার্ন (Shane Warne), প্রমাণ মিলল গতকাল। রাজস্থান রয়্যালস ১৩ হাজার কোটি টাকায় বিক্রি হল, এ তো সবাই এতক্ষণে জেনে ফেলেছে। কিন্তু খবরের আড়ালে যে অবাক করা হিসেব বেরিয়ে এল, তা বোধ হয় অনেকেই আশা করেনি!
জানা যাচ্ছে, প্রাক্তন অজি স্পিনার ২০০৮ সালে রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) যোগ দেওয়ার সময় চুক্তিতে এমন একটি শর্ত রেখেছিলেন, যা আজ তাঁর পরিবারের হাতে এনে দিতে চলেছে প্রায় ৪৫০ কোটি টাকা। ওয়ার্ন নেই। ২০২২ সালে প্রয়াত হয়েছেন। কিন্তু ১৮ বছর আগে করা সেই চুক্তির ফসল মাঠেই শুকিয়ে যায়নি… তা ঘরে তুলতে চলেছে তাঁর স্বজন-পরিজন!
চুক্তিতে কী লেখা?
রাজস্থান রয়্যালস যখন ওয়ার্নকে সই করায়, শুধু অধিনায়ক হিসেবে নয়, তাঁকে পুরো ক্রিকেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল। কোচ, অধিনায়ক, দল গড়ার সিদ্ধান্ত—সবেরই দেখভাল করতেন অজি তারকা। একবার তো এক সাক্ষাৎকারে মন্তব্যও করেন, ‘আমাকে বলা হয়েছিল নিজের মতো করে টিমটা চালাও। আমিই ছিলাম সবকিছু!’
এই বড় দায়িত্ব এমনি এমনি মেনে নেননি। বিনিময়ে চুক্তিতে একটি বিশেষ শর্ত রেখেছিলেন ওয়ার্ন। যা মোতাবেক, প্রতিটি সিজন খেললে ফ্র্যাঞ্চাইজির ০.৭৫ শতাংশ মালিকানা পাবেন। মানে, ফি বছর রাজস্থানের একটুকরো অংশীদারিত্ব তাঁর জিম্মায় চলে যাবে! সাকুল্যে চার মরসুম খেলেছিলেন। প্রথম বছরেই শিরোপা জেতেন। অঙ্ক কষলে মোট মালিকানা দাঁড়ায় ৩ শতাংশ।
৩ শতাংশ মানে কত টাকা?
সম্প্রতি রাজস্থান রয়্যালস বিক্রি হয়েছে। মার্কিন উদ্যোক্তা কাল সোমানির (Kal Somani) নেতৃত্বে একটি বিনিয়োগকারী গ্রুপ কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজির সংখ্যাগরিষ্ঠ শেয়ার। প্রায় ১৫,২৯০ কোটি টাকায়! সেই হিসেবে এখন ওয়ার্নের ৩ শতাংশ মালিকানার মূল্য দাঁড়াচ্ছে ৪৫০ থেকে ৪৬০ কোটি টাকা। ২০০৮ সালে রয়্যালসের মোট দাম ছিল মাত্র ৫,৬০০ কোটি টাকা। সেই তুলনায় এখনকার মূল্যমান প্রায় তিনগুণ। ওয়ার্নের পরিবার সেই বৃদ্ধির সুবিধা পেতে চলেছেন।
> Shane Warne's salary while playing for Rajasthan Royals was approx ₹2.34 crore per season
> With that, he wanted 0.75% equity annually.
> Warne played 4 seasons, making him ₹9.36 Crore + 3% RR shares
> Yesterday RR got sold for $1.63 Billion. Warne's 3% made his family… pic.twitter.com/Hb907mSdKP— Save Invest Repeat 📈 (@InvestRepeat) March 25, 2026
তবে টাকাটা এখনই হাতে আসছে না। এবারের আইপিএল (IPL 2026) মরসুম শেষ হওয়ার পর চুক্তি কার্যকর হবে। তার আগে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অনুমোদনও জরুরি।
মাঠে না থেকেও জিতলেন
২০২২ সালে মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে মারা যান ওয়ার্ন। থাইল্যান্ডে। হঠাৎ। বিশ্বক্রিকেট আকস্মিকতায় স্তব্ধ, হতচকিত হয়ে গিয়েছিল। কিন্তু জীবদ্দশায় যে দূরদর্শিতা তিনি দেখিয়েছিলেন, সেটা মৃত্যুর পরেও ফল দিচ্ছে। ১৮ বছর আগে করা একটি চুক্তির শর্তের সুবাদে আজ তাঁর পরিবারের অ্যাকাউন্টে কয়েকশো কোটি আসতে চলেছে। ওয়ার্ন মাঠে তো অসাধারণ, কিন্তু মাঠের বাইরেও কতটা শানিতবুদ্ধির ছিলেন, এই খবর তারই প্রমাণ।