ইংলিশ প্রিমিয়ার লিগ চলে প্রায় ছয় মাস। আইপিএল মাত্র তিন মাস। তবু জনপ্রিয়তার দিক থেকে ফারাক কমে আসছে। সৌরভের নজরে, এটাই প্রমাণ করে, আইপিএল এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলির একটি।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 25 March 2026 13:06
দ্য ওয়াল ব্যুরো: মাত্র আড়াই থেকে তিন মাসের টুর্নামেন্ট। অথচ দাম হাজার হাজার কোটি টাকা। বিশ্বের সেরা লিগগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মেলাচ্ছে আইপিএল (IPL 2026)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মালিকানা বদলের খবর সামনে আসতেই এই মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
‘শুরুটা মনে আছে, এখন অবাক হচ্ছি!’
পিটিআইয়ের একটি ভিডিওতে প্রাক্তন ভারত অধিনায়ককে বলতে শোনা যায়, ‘আইপিএলের এই উত্থান অসাধারণ। ২০০৭ সালে যখন শুরু হয়েছিল, আমি নিজেই লিগের প্রথম বলের মুখোমুখি হয়েছিলাম—আরসিবি বনাম কেকেআর ম্যাচে। সেখান থেকে আজকের এই জায়গায় আসা—অবিশ্বাস্য!’
রাজস্থান রয়্যালসের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনে নিয়েছে মার্কিন উদ্যোক্তা কাল সোমানির (Kal Somani) নেতৃত্বাধীন বিনিয়োগকারী দল। দাম ১৫ হাজার কোটি টাকারও বেশি। সংখ্যাটা শুনেই চমকে গিয়েছেন সৌরভ। তাঁর কথায়, ‘মাত্র আড়াই থেকে তিন মাসের একটা টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজির এই দাম—সংখ্যাটা মাথা ঘুরিয়ে দেয়!’
তুলনা কতটা সত্যি?
সৌরভের দাবি, আইপিএল এখন দুনিয়ার সেরা লিগগুলোর সমকক্ষ। বললেন, ‘আমি মনে করি এটা এনবিএর (NBA) সমতুল্য। সম্প্রচার স্বত্বের দিক থেকে ফুটবলের সঙ্গেও তুলনা চলে!’ সম্প্রতি ইংল্যান্ডে গিয়ে কারাবাও কাপের ফাইনাল দেখেছেন সৌরভ—ম্যান সিটি বনাম আর্সেনাল। সেই অভিজ্ঞতার রেশ টেনে জোর গলায় জানালেন, আইপিএলের দর্শকসংখ্যা অনেক সময় ইপিএলের (EPL) ম্যাচকেও ছাপিয়ে যায়।
VIDEO | Noida: “Great news for IPL, mind blowing numbers”, says former cricketer Sourav Ganguly on RR being sold for 1.63 Billion dollars.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/NYxB3uUK2H— Press Trust of India (@PTI_News) March 24, 2026
তুলনার জন্য কিছু সংখ্যা রাখা যাক। লস অ্যাঞ্জেলেস ডজার্সের (Los Angeles Dodgers) অংশীদার টড বোয়েলি (Todd Boehly) চেলসি কিনেছিলেন প্রায় ৪ লক্ষ ৪৭ হাজার কোটি টাকায়। লস অ্যাঞ্জেলেস লেকার্স (Los Angeles Lakers) বিক্রি হচ্ছে প্রায় ৮৩,০০০ কোটিতে—আমেরিকার পেশাদার ক্রীড়া ইতিহাসে সর্বোচ্চ। সেই তুলনায় আইপিএল ফ্র্যাঞ্চাইজির দাম এখনও কম। ফলে সৌরভের বক্তব্য আংশিক সত্য। উত্থানের গতি নজরকাড়া নিঃসন্দেহে, কিন্তু তাই বলে খাপে খাপ এনবিএ-ইপিএলের সঙ্গে আইপিলের তুলনা চলে না।
আমেরিকানরা কেন উৎসাহী?
সৌরভের চোখে এটাই সবচেয়ে বড় বার্তা। বললেন, ‘ক্রেতাদের একটা বড় অংশ আমেরিকা থেকে আসছেন। যার অর্থ ওখানে ভারতীয় ক্রিকেটের প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে!’ প্রসঙ্গত, রাজস্থান রয়্যালস কেনার দলে সামিল ছিল ওয়ালমার্ট পরিবারের রব ওয়ালটন (Rob Walton) ও ডেট্রয়েট লায়নসের (Detroit Lions) মালিক হ্যাম্প পরিবার (Hamp Family)। পাশাপাশি আমেরিকান এনএফএল ও এনবিএর মালিকরাও এখন আইপিএলে বিনিয়োগ করছেন—এটা নিছক কাকতালীয় নয়।
ইংলিশ প্রিমিয়ার লিগ চলে প্রায় ছয় মাস। আইপিএল মাত্র তিন মাস। তবু জনপ্রিয়তার দিক থেকে ফারাক কমে আসছে। সৌরভের নজরে, এটাই প্রমাণ করে, আইপিএল এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলির একটি।