যেহেতু রাজস্থান রয়্যালস তরুণ ‘কোর গ্রুপ’ গড়ে তোলার পথেই হাঁটছে, সেই কারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রিয়ান পরাগকে সামনে রেখেই নতুন অধ্যায় শুরু করতে এত উৎসাহী তারা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

রিয়ান পরাগ
শেষ আপডেট: 13 February 2026 11:56
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল মরশুম (IPL 2026) শুরুর আগেই বড় সিদ্ধান্তের পথে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। একাধিক রিপোর্টে দাবি, দলের নতুন অধিনায়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে রিয়ান পরাগের (Riyan Parag) নাম। আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে ম্যানেজমেন্ট নাকি ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছে।
সঞ্জু স্যামসন (Sanju Samson) আইপিএল নিলামের আগে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দেওয়ায় নেতৃত্বের আসন ফাঁকা হয়। সেই জায়গায় তরুণ অলরাউন্ডার পরাগের উপরই আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজি। রিপোর্ট অনুযায়ী, হেডকোচ কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara) যাঁদের সাক্ষাৎকার নেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলেছেন পরাগ। নেতৃত্বের দৌড়ে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) নামও ঘুরছিল। জয়সওয়াল কয়েক মাস আগে প্রকাশ্যেই অধিনায়কত্বের আগ্রহও দেখান। তবে শেষ পর্যন্ত পরাগকেই বেছে নেওয়ার পথে এগতে চাইছে দল।
অবশ্য এটাই প্রথম নয়। গেলবার সঞ্জু চোটের জেরে বাইরে থাকাকালীন আট ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন পরাগ। সেই সময় তাঁর ব্যাটিং গড় ছিল ৩৮.৫৭। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ৯৫ রান সেই পর্বের সেরা ইনিংস। তবে সামগ্রিক ফলের নিরিখে সাফল্য সীমিত—আট ম্যাচে মাত্র দু’টি জয়। মাত্র ২৪ বছর বয়সে অধিনায়কত্ব পেলে তা হবে ফ্র্যাঞ্চাইজির অন্যতম আলোচিত নেতৃত্ব-বদল। দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন সঞ্জু। তাঁর নেতৃত্বে ২০২২ সালে ফাইনালেও উঠেছিল দল।
সঞ্জুর দল ছাড়ায় যে বড়সড় খেলোয়াড় বদল হয়েছে, তাতে রাজস্থানে এসেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও স্যাম কারান (Sam Curran)। অভিজ্ঞতার নিরিখে জাদেজার নামই সবচেয়ে জোরালো ছিল। এমনকি জশ বাটলারকে (Jos Buttler) নিয়েও আলোচনা চলছিল। তবু যেহেতু রাজস্থান রয়্যালস তরুণ ‘কোর গ্রুপ’ গড়ে তোলার পথেই হাঁটছে, সেই কারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রিয়ান পরাগকে সামনে রেখেই নতুন অধ্যায় শুরু করতে এত উৎসাহী তারা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।