আইপিএলে শেষ বলের রুদ্ধশ্বাস থ্রিলারে পরাজিত গুজরাত টাইটান্স। ২১০ রান ডিফেন্ড করে রিয়ান পরাগের ক্ষুরধার অধিনায়কত্বে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান। ম্যাচের মোড় ঘোরালো কোন সিদ্ধান্ত? জানুন বিস্তারিত।

নজরে রিয়ানের অধিনায়কত্ব
শেষ আপডেট: 5 April 2026 12:29
দ্য ওয়াল ব্যুরো: ঠান্ডা মাথা। সঠিক সিদ্ধান্ত। আর শেষ মুহূর্তে স্নায়ু ধরে রাখার ক্ষমতা—এই তিন মন্ত্রে বাজিমাত রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। আমদাবাদের (Ahmedabad) মাঠে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২১০ রানের টার্গেট ডিফেন্ড করে ৬ রানে হারিয়ে দিল গুজরাত টাইটানসকে (Gujarat Titans)। শেষ ওভারে তুষার দেশপান্ডের (Tushar Deshpande) নিখুঁত ইয়র্কারেই জয়ে সিলমোহর। যার সুবাদে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল রিয়ান পরাগের (Riyan Parag) দল।
প্রথমে ব্যাট করে ২১০ তোলে রাজস্থান। ওপেনিং জুটিতে বিধ্বংসী যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। শুরুটাই সুর বেঁধে নেয়। প্রথম উইকেটে আসে ৭০ রান। এরপর মাঝপথে গতি কিছুটা থমকালেও ধ্রুব জুরেল (Dhruv Jurel) ফের রাশ তুলে নেন। তাঁর ৪৫ বলে ৭৫ রান রাজস্থান ইনিংসের মেরুদণ্ড। ২০০ পেরনোর ভিত তৈরি হয় সেখানেই।
টার্গেট তাড়া করতে নেমে গুজরাতের শুরুটা আরও ইতিবাচক। সাই সুদর্শন (Sai Sudharsan) ৪৪ বলে ৭৩ রান হাঁকিয়ে পাল্লা নিজেদের দিকে প্রায় ঝুঁকিয়েই দিচ্ছিলেন। ১০ ওভারে স্কোর ১০৭/১—গুজরাত নিঃসন্দেহে জয়ের পথে। কিন্তু সেখানেই টার্নিং পয়েন্ট। নেপথ্যে রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। যিনি একা হাতে মোড় ঘুরিয়ে দেন। ৪ উইকেট ছিনিয়ে গুজরাতকে হুট করে ১৬১/৭-এ নামিয়ে আনেন।
যদিও তখনও ম্যাচ শেষ হয়নি। রশিদ খান (Rashid Khan) ও কাগিসো রাবাডা (Kagiso Rabada) লড়াই শুরু করেছেন। ৪১ রানের জুটি—সমীকরণ নেমে এসেছে ১২ বলে ১৫ রানে। পাল্টা চাপে বড় পরীক্ষার মুখে অধিনায়ক রিয়ান পরাগ! হাতে চার অপশন—জোফ্রা আর্চার (Jofra Archer), তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা (Sandeep Sharma) ও আন্দ্রে বার্গার (Nandre Burger)। ১৯তম ওভারে কে আসবেন? প্রথমে দেশপান্ডেকে ভাবলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান রিয়ান। বল তুলে দেন আর্চারের হাতে। ফল? গুরুত্বপূর্ণ ওভারে আসে মাত্র ৪ রান।
ম্যাচ সেখানেই ঘুরে যায়। অন্তিম ছ’বলে দেশপান্ডে সুযোগ পেয়ে যা করার করে দেন। ইয়র্কারের পর ইয়র্কার—রশিদ-রাবাডা রীতিমতো নাজেহাল। শেষ ওভারেও এল মাত্র ৪ রান। তাই বিশেষজ্ঞদের অনেকের চোখেই, ম্যাচের নায়ক শুধু বোলাররা নন, খোদ অধিনায়কও বটে। রিয়ান পরাগের সিদ্ধান্তই খেলার ভবিতব্য ঠিক করেছে। মন্তব্য রবি শাস্ত্রীর (Ravi Shastri)। একমত আরেক প্রাক্তন তারকা ইরফান পাঠানও (Irfan Pathan)। জানালেন, রিয়ানের নেতৃত্বেই লুকনো ফলের আসল রহস্য! যার সৌজন্যে দুই ম্যাচে জয় ছিনিয়ে রাজস্থান এখন টেবিলের শীর্ষে। অন্যদিকে পরপর দুটো হতশাজনক পরাজয় বড় ধাক্কা দেবে গুজরাতকে।