চোট সারিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই চেন্নাইয়ের নেটে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আজ কি পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবেন মাহি? প্র্যাকটিস সেশনের কোন ঘাটতি বাড়াল ধোঁয়াশা?

শেষ আপডেট: 3 April 2026 13:24
দ্য ওয়াল ব্যুরো: চোটের কারণে প্রথম ম্যাচ মিস করেন। শোনা যাচ্ছিল, কয়েক দিন নয়, কয়েক সপ্তাহ লাগতে পারে সুস্থ হয়ে মাঠে ফিরতে। কিন্তু যাবতীয় আশঙ্কা মুছে নির্ধারিত সময়ের অনেক আগেই অনুশীলনে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
নেটে ফিরেছেন। ব্যাট হাতে দেখা গিয়েছে। কিন্তু তাতেই কি সব পরিষ্কার? নিশ্চিতভাবে আজ পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে দেখা যাবে প্রাক্তন অধিনায়ককে? সূত্র এই নিয়ে আশা জাগাচ্ছে না (MS Dhoni Injury Update)। বরং, ট্রেনিং সেশনের ভাইরাল ভিডিওর জেরে ধোনিকে (MS Dhoni Injury Update) নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে।
নেটে দেখা গেল, কিন্তু পুরো সেশন নয়
চিপক-ম্যাচের আগে গতকাল প্র্যাকটিসে দেখা গেল ধোনিকে। ব্যাটিং করেছেন। রেঞ্জ হিটিং, মানে বড় শট মারার অনুশীলনও করেছেন। কিন্তু পুরো সেশন থাকলেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—উইকেটকিপিং ড্রিল চোখে পড়ল না। এই জায়গাটাই সবচেয়ে বড় ইঙ্গিত। মানে, ব্যাটিংয়ে প্রস্তুতি থাকলেও শরীর এখনও পুরো ম্যাচের ধকল সহ্য করার জন্য তৈরি নয়।
দ্রুত ফেরা, তবু সতর্কতা
ধোনির চোট ছিল কাফ স্ট্রেন। প্রথমে মনে করা হয়েছিল অন্তত দু’সপ্তাহ বাইরে থাকবেন। কিন্তু তার আগেই অনুশীলনে প্রত্যাবর্তন—এটা ইতিবাচক। চেন্নাই টিম ম্যানেজমেন্ট (CSK Team Management) যদিও ঝুঁকি নিতে নারাজ। চল্লিশোর্ধ্ব তারকার চোট নিয়ে তাড়াহুড়ো করলে সমস্যা বাড়তে পারে। তাই ধীরে, হিসেব কষে এগনোর ছক মেনে চলা হবে। প্র্যাকটিসে ‘আংশিক অংশগ্রহণ’ সেই কৌশলের ইঙ্গিত।
The home feeling is back 💛
So is the hustle 💪 #WhistlePodu #CSKvPBKS pic.twitter.com/b11mRyiqIB— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2026
বিকল্প তৈরি, বদলের সংকেত
ধোনি না থাকলেও বিকল্প তৈরি। সঞ্জু স্যামসন (Sanju Samson) প্র্যাকটিসে উইকেটকিপিং করছেন। তা ছাড়া গত কয়েক মরসুমে ধোনির ভূমিকাও বদলেছে। এখন তিনি টপ অর্ডারের ব্যাটার নন। শেষদিকে এসে ম্যাচ ফিনিশ করেন। ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player Rule) নিয়ম তাঁর সময় আরও কমিয়ে দিয়েছে মাঠে। ধীরে ধীরে ট্রানজিশনের ইশারা স্পষ্ট।
সব তথ্য মিলিয়ে ধোনি প্রস্তুত হচ্ছেন—এটা পরিষ্কার। কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট? উত্তর: এখনও নয়। বিশেষ করে উইকেটকিপিং না করা—এটাই সবচেয়ে বড় সন্দেহ উসকে দিচ্ছে। তাই পাঞ্জাব কিংসের (PBKS, Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলা নির্ভর করছে শেষ মুহূর্তের সিদ্ধান্তের উপর। চেন্নাই হয়তো তাড়াহুড়ো করবে না। কারণ মরসুম লম্বা। ধোনিকে এখনই নামিয়ে ঝুঁকি নেওয়ার বদলে, পুরো সুস্থ হয়ে ফেরানোটাই বেশি গুরুত্বপূর্ণ।