টানা তিন হার, পয়েন্ট টেবিলের তলানিতে সিএসকে! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও কি নামতে পারবেন মহেন্দ্র সিং ধোনি? মাহির চোট এবং প্রত্যাবর্তন নিয়ে টিম ম্যানেজমেন্টের বড় আপডেট। চেন্নাই শিবিরে দুশ্চিন্তার মেঘ! বিস্তারিত পড়ুন।

ধোনি
শেষ আপডেট: 8 April 2026 14:11
দ্য ওয়াল ব্যুরো: তিন ম্যাচ, তিন হার। টেবিলের একেবারে তলায় পাঁচবারের চ্যাম্পিয়ন। এই অন্ধকার সময়ে সবচেয়ে বড় প্রশ্ন—কোথায় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? দিনকয়েক আগে অনুশীলনে ফিরে আসেন। গা ঘামান। উইকেটকিপিং না করলেও ব্যাট হাতে দেখা যায়। যদিও নতুন রিপোর্ট কামব্যাকের জল্পনা নস্যাৎ করে জানিয়ে দিয়েছে, অপেক্ষা আরও লম্বা হতে চলেছে।
আইপিএলের উনিশতম সংস্করণে মাঠে নামেননি ধোনি। ক্যাফ স্ট্রেন (calf strain) থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। রিপোর্ট বলছে, ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত। চেন্নাইয়ের (Chennai) এমএ চিদাম্বরম স্টেডিয়ামের (MA Chidambaram Stadium) লড়াইয়ের জন্য মাহি এখনও পুরো ম্যাচ-ফিট নন। ফলে টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে নারাজ।
তাহলে কোথায় আছেন ধোনি? উত্তর: এখনও রিহ্যাবে (rehab), ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে। চিকিৎসক দল মনে করছে, পুরোপুরি ফিট হতে অন্তত এক সপ্তাহ লাগবে। তাই পাখির চোখ এই মুহূর্তে ১৮ এপ্রিলের লড়াই। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ধোনির কামব্যাকের সম্ভাবনা রয়েছে। তবে সেটাও ১০০ শতাংশ নিশ্চিত নয়। সবকিছু নির্ভর করছে রিকভারি কতটা দ্রুত হয়, তার উপর।
ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) নেতৃত্বে আগের সিজনের মতোই এতটুকু ছন্দে নেই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। টানা তিন পরাজয়ে পয়েন্ট টেবিলের একেবারে নিচে। গত মরসুমে সর্বশেষ স্থানে জার্নি শেষ হয়েছিল। এবারও একই ছবির পুনরাবৃত্তি। বিশেষজ্ঞদের মতে, টপ অর্ডারের ব্যর্থতা বড় কারণ। তার সঙ্গে ধোনির অনুপস্থিতি চাপ বাড়িয়েছে।
শুধু ধোনি নন, দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও (Dewald Brevis) চলতি টুর্নামেন্টে একটাও ম্যাচ খেলেননি। সাইড স্ট্রেনের (side strain) জেরে বাইরে। তবে অতিসম্প্রতি কিছুটা আশার আলো জেগেছে। সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan) জানান, ব্রেভিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কোচ স্টিফেন ফ্লেমিংয়ের (Stephen Fleming) বক্তব্য, পরের ম্যাচেই ফিরতে পারেন তিনি—যদি সব ঠিকঠাক থাকে।
তবে ব্রেভিস নন, এই মুহূর্তে সিএসকের প্রার্থনা একটাই—ধোনির দ্রুত প্রত্যাবর্তন। দলের ব্যাটিং, ফিনিশিং, ম্যাচ সেন্স—সব জায়গাতেই তাঁর প্রভাব আলাদা। মাহির অভিজ্ঞতা ছাড়া টিম বারবার চাপের মধ্যে ভেঙে পড়ছে। সময় যত গড়াচ্ছে, সিএসকের জন্য সমীকরণ ততই কঠিন হয়ে উঠছে।