কেকেআরের জন্য বড় স্বস্তির খবর! ১৮ কোটির পেসার মাথিশা পাথিরানা চোটমুক্ত। কিন্তু আসন্ন চেন্নাই সুপার কিংসের ম্যাচে কি দেখা যাবে তাঁকে? বোলিং বিভাগ নিয়ে নাইট শিবিরের সর্বশেষ আপডেট পড়ুন।

ফিরছেন পাথিরানা
শেষ আপডেট: 12 April 2026 17:25
দ্য ওয়াল ব্যুরো: শুরুটা খারাপ। ছন্দ নেই। পয়েন্ট টেবিলে তলানিতে কেকেআর (Kolkata Knight Riders)। এমন সময় হঠাৎই স্বস্তির খবর। ১৮ কোটির বড় বাজি—মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) ফিট। রিহ্যাব সেরে সম্পূর্ণ সুস্থ। মাঠে নামার ছাড়পত্রও পেয়ে গিয়েছেন। কিন্তু এতেও ট্যুইস্ট! আসন্ন চেন্নাই ম্যাচে তাঁকে দেখা যাবে কিনা—এই নিয়ে অনুরাগীদের আশার আলো দেখাল না কেকেআর।
শ্রীলঙ্কা বোর্ডের (Sri Lanka Cricket) থেকে ইতিমধ্যে এনওসি পেয়েছেন পাথিরানা। ফিটনেস টেস্টও পাস। অর্থাৎ, বড় বাধা কেটে গিয়েছে। বাকি মাঠে নেমে ছন্দ ফিরে পাওয়া।
আইপিএল নিলামে ১৮ কোটি টাকায় কেনা পেসারকে নিয়ে শুরু থেকে প্রত্যাশা আকাশছোঁয়া। কিন্তু টি-২০ বিশ্বকাপে চোট পাওয়ার পর সবকিছু অনিশ্চিত হয়ে যায়। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ম্যাচে মাত্র চার বল করেই মাঠ ছাড়তে হয়েছিল। তারপর থেকেই অপেক্ষা—কবে ফিরবেন? এখন সেই প্রতীক্ষার অবসান!
সবাই ভাবছিলেন, চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধেই হয়তো দেখা যাবে তাঁকে। কিন্তু আসল ঘটনা আলাদা। খবর অনুযায়ী, ১৭ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন পাথিরানা। অর্থাৎ, ১৪ এপ্রিলের সিএসকে ম্যাচ—মিস। ১৭ এপ্রিল গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে লড়াই। সেটাও মিস হওয়ার জোরালো সম্ভাবনা। সম্ভাব্য কামব্যাক ম্যাচ—১৯ এপ্রিল, রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে। অর্থাৎ, পাথিরানাকে মাঠে বল হাতে দেখার অপেক্ষা আরও কিছুটা লম্বা।
কেকেআরের সবচেয়ে বড় সমস্যা—বোলিং। মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) দল ছাড়তে বাধ্য হয়েছেন। হর্ষিত রানা (Harshit Rana) চোটের জেরে বাইরে। ফলে ডেথ বোলিং একেবারে ভেঙে পড়েছে।
এই জায়গাতেই পাথিরানার আসল কদর। সিএসকের (CSK) হয়ে ৩২ ম্যাচে ঝুলিতে ৪৭ উইকেট। ২০২৩ সালের শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ সদস্য। শেষ ওভারে ইয়র্কার, স্লোয়ার—এই স্কিল আপাতত কেকেআরের খুব বেশি করে দরকার। সর্বশেষে খেলায়, লখনউয়ের বিরুদ্ধে পাথিরানার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছেন রাহানেরা।
এখনও পর্যন্ত চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট। জয়ের খাতা খোলেনি। এমন অবস্থায় পাথিরানার প্রত্যাবর্তন শুধু একজন বোলারের কামব্যাক নয়, পুরো বোলিং ইউনিটের ভারসাম্য ফেরানোর সুযোগ। সর্বশেষ আপডেটে নাইট শিবিরে স্বস্তি এসেছে ঠিকই। কিন্তু পূর্ণ স্বস্তি নয়।