হেজলউডের হাজিরা আরসিসবিকে মানসিকভাবে চাঙ্গা করছে ঠিকই, কিন্তু মাঠে তাঁর অনুপস্থিতি শুরুর দিকে বড় পরীক্ষার মুখে ফেলতে পারে।

যশ হেজলউড
শেষ আপডেট: 27 March 2026 12:28
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল দরজায় কড়া নাড়ছে। ঠিক তখনই স্বস্তির খবর আরসিবি শিবিরে। দলে যোগ দিলেন গতবারের শিরোপাজয়ী মরসুমের অন্যতম নায়ক জশ হেজলউড (Josh Hazlewood)। যদিও আশার পাশাপাশি ঘনিয়েছে সংশয়। অজি পেসার আগামিকাল মাঠে নামবেন তো? নাকি সদ্য চোট সারিয়ে ফিরেছেন বলে সেটা যথেষ্ট ঝুঁকির হয়ে যাবে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) স্কোয়াডে এখন এই নিয়ে জোর তর্ক, প্রবল আলোচনা।
দলে ফিরেই চর্চায়
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেজলউড (Josh Hazlewood)। আইপিএল (IPL 2026) শুরুর ঠিক আগে এই আগমন স্বাভাবিকভাবে অনুরাগী-মহলে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে। প্রথম ম্যাচেই কি দেখা যাবে তাঁকে? বিশেষ করে খেলা যখন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে! আগামিকাল তিনি নামুন চায় না নামুন, চর্চার কেন্দ্রে একমাত্র হেজলউড! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আরসিবি (RCB) তাঁর যোগদানের খবর সামনে আনে। বিশ্লেষকদের মতে, বাস্তব ছবি যদিও একটু আলাদা। শিবিরে এলেও ম্যাচ খেলার জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নন অজি তারকা।
ফিটনেস নিয়ে বড় ধোঁয়াশা
গত কয়েক মাস ধরে হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যায় ভুগছেন হেজলউড। সেই চোট কাটিয়ে ফিরলেও এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। ফলে মেডিক্যাল ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত তাঁর নাম প্রথম একাদশে দেখাটা কঠিন। ক্রিকেট অস্ট্রেলিয়াও (Cricket Australia) ঝুঁকি নিতে নারাজ। সামনে ব্যস্ত টেস্ট ক্যালেন্ডার। তাই তাড়াহুড়ো করে হেজলউডকে নামানোর সম্ভাবনা কম। প্রথম কয়েকটি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। ধীরে ধীরে ম্যাচে ফিরিয়ে আনার পরিকল্পনা আপাতত বাস্তবসম্মত। যা আরসিবির (RCB) বোলিং পরিকল্পনায় জোর ধাক্কা!
বিকল্প আছে, ভরসা কতটা?
যশ হেজলউড না থাকলে কাকে ভরসা করবে আরসিবি? সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে আসছে জ্যাকব ডাফির (Jacob Duffy) নাম। তবে ভারতীয় কন্ডিশনে তাঁর অভিজ্ঞতা সীমিত।
সমস্যা এখানেই শেষ নয়। যশ দয়াল (Yash Dayal) আইনি জটিলতায় বাইরে। এনওসি না মেলায় নুয়ান থুশারাকে (Nuwan Thushara) নিয়েও অনিশ্চয়তা। এই অবস্থায় অভিজ্ঞতার দিক থেকে ভরসা একমাত্র ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। চিন্নাস্বামীর (M Chinnaswamy Stadium) মতো ব্যাটিং সহায়ক পিচে তিনি গুরুত্বপূর্ণ হতে পারে। বাকি বিকল্প—রাসিখ দার (Rasikh Dar), মঙ্গেশ যাদব (Mangesh Yadav)—এখনও প্রমাণের অপেক্ষায়।
সব মিলিয়ে ছবিটা পরিষ্কার—হেজলউডের হাজিরা আরসিসবিকে মানসিকভাবে চাঙ্গা করছে ঠিকই, কিন্তু মাঠে তাঁর অনুপস্থিতি শুরুর দিকে বড় পরীক্ষার মুখে ফেলতে পারে।