ইনিংসের শুরুটা মোটেও সহজ ছিল না। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে হায়দরাবাদ (SRH)। দারুণ ছন্দে বল করছিলেন বেঙ্গালুরুর (RCB) জ্যাকব ডাফি। তবে একপ্রান্ত ধরে রেখে পরিস্থিতি সামাল দিতে শুরু করেন ঈশান।

ঈশান কিষাণ (ফাইল ছবি)
শেষ আপডেট: 28 March 2026 21:58
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) নজরকাড়া পারফরম্যান্সের পর আইপিএলেও (IPL 2026) শুরুটাও দুর্দান্ত করলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। চলতি মরসুমের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন। ব্যাট হাতে শুরু থেকেই সাবলীল ছন্দে ছিলেন তিনি। টপ অর্ডার ভেঙে পড়ার পরে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নতুন অধিনায়ক। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs SRH) বিরুদ্ধে ম্যাচে তাঁর ৩৮ বলে ৮০ রানের ইনিংস দলকে বিপদ থেকে টেনে তোলে।
ইনিংসের শুরুটা মোটেও সহজ ছিল না। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে হায়দরাবাদ (SRH)। দারুণ ছন্দে বল করছিলেন বেঙ্গালুরুর (RCB) জ্যাকব ডাফি। তবে একপ্রান্ত ধরে রেখে পরিস্থিতি সামাল দিতে শুরু করেন ঈশান। তাঁর সঙ্গে ছিলেন হাইনরিখ ক্লাসেন। দু’জনে মিলে চতুর্থ উইকেটে ৯৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন।
ইশান শুরুতে স্ট্রাইক রোটেট করে ও নিয়মিত বাউন্ডারি খুঁজে রান তোলার গতি ধরে রাখেন। সতর্কতা আর আক্রমণের নিখুঁত মিশেলে তৈরি হয় তাঁর ইনিংস। ২৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর সুয়াশ শর্মাকে টানা আক্রমণ করে একই ওভারে আরও দুই বাউন্ডারি তুলে নেন। স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজ আরও বাড়ে; সুয়াশ হোক বা ক্রুণাল পাণ্ডেয়া- কেউই ঈশানের নিয়ন্ত্রণকে টালমাটাল করতে পারেননি। ছোট বাউন্ডারির সুবিধা নিয়ে সহজেই ছক্কা মারেন তিনি।
অবশেষে ফিল সল্টের (Phill Salt) অসাধারণ অ্যাথলেটিক ক্যাচ তাঁর ইনিংস থামায়। বাউন্ডারির ধারে লাফিয়ে ধরা সেই ক্যাচেই শেষ হয় তাঁর ৮০ রানের দাপুটে প্রদর্শন। তবে আউট হওয়ার আগেই ইতিহাস গড়ে ফেলেছিলেন ঈশান- হায়দরাবাদের অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর (Ishan Kishan Debut match as SRH Captain) এখন তাঁর দখলে।
SRH অধিনায়ক হিসেবে অভিষেকে ৫০+ স্কোর
বিশ্বকাপজয়ী ভারতীয় দলের (Indian Cricket Team) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ঈশান। সেই দুর্দান্ত ফর্ম নিয়েই আইপিএলে (IPL) নেমেছেন তিনি। প্যাট কামিন্স না থাকায় এবার নেতৃত্বে ঈশানকে ভরসা করেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ, আর তিনি সুযোগের যথার্থ ব্যবহার করেছেন, সেকথা বলাই বাহুল্য।
ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাটিদার। ঈশান জানান, নতুন উইকেট বলে ব্যাটিং-বোলিং যাই হোক, নিজের উপর ভরসা রাখাই হবে তাঁর পরিকল্পনা। সঙ্গে স্বীকার করেন কামিন্সের অনুপস্থিতি দলকে প্রভাবিত করবে ঠিকই, তবে সতীর্থদের ওপর তাঁর ভরসা রয়েছে। প্রথম ম্যাচেই ঈশান যে নেতৃত্বের সঙ্গে ব্যাটিংয়েও ছাপ রাখলেন, তা সানরাইজার্স হায়দরাবাদের জন্য বড় স্বস্তি।