একদিকে অসম্পূর্ণ নির্মাণকাজ, অন্যদিকে শোকের আবহ—এই দোটানা পরিস্থিতির মধ্যে দিয়েই জার্নি শুরু করছে এবারের মেগা ইভেন্ট।
.jpeg.webp)
চিন্নাস্বামী স্টেডিয়াম
শেষ আপডেট: 26 March 2026 15:52
দ্য ওয়াল ব্যুরো: টিকিট বিক্রি হয়ে গেছে নিমেষে… আক্ষরিক অর্থে মিনিটের মধ্যে। দর্শক অধীর অপেক্ষায়। পাশাপাশি তাড়া করছে গতবছরের দুঃসহ স্মৃতিও!
আগামী পরশু, শনিবার শুরু হচ্ছে আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আরসিবি-সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু তার ৪৮ ঘণ্টা আগেও পুরপুরি তৈরি নয় এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M Chinnaswamy Stadium)। ‘ইএসপিএন ক্রিকইনফো’র প্রতিবেদন অনুযায়ী, গ্যালারির অবস্থা তথৈবচ। এখনও নির্মাণকাজ জারি!
এতটুকু বাড়িয়ে বলা নয়। বাস্তবিক স্টেডিয়ামের ভেতরে ঢোকার মুখে ছড়িয়ে রয়েছে প্লাইউড। রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ঠিকাদার—সবাই শেষ মুহূর্তে ব্যস্ত। ময়দানের বাইশ গজ পুরোপুরি তৈরি থাকলেও স্টেডিয়ামের বাকি অংশ অসম্পূর্ণ। একজন শ্রমিক তো বলেই দিলেন, ‘চার দিন এতটুকু ঘুম নেই!’ এই একটি কথাই বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর।
কেন এই অবস্থা?
গত বছরের ৪ জুনের পদপিষ্টের ঘটনার পর স্টেডিয়ামে বড় মাপের সংস্কার জরুরি হয়ে পড়েছিল। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) প্রবেশ-প্রস্থানের পথ ও দর্শক এলাকায় ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়। মার্চের ১৫ তারিখের মধ্যে সবকিছু শেষ করার কথা ছিল। সেই সময়সীমা পেরিয়ে গেছে। তবু কাজ মেটেনি।
শোকের ছায়ায় সিজন শুরু
স্টেডিয়ামের অসম্পূর্ণতার পাশাপাশি নজর কেড়েছে আরও একটি বিষয়। এবারের আইপিএল শুরু হচ্ছে ভিন্ন আবহে। বিসিসিআই (BCCI) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে। নেপথ্যে গত বছর ৪ জুনের দুর্ঘটনায় ১১ জন সমর্থকের মৃত্যু। প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার (Devajit Saikia) কথায়, ‘সেই মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের ১৯তম সংস্করণ শুরুর দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে না!’
গেলবার কলকাতার ইডেন গার্ডেনসে উদ্বোধনী আয়োজনে পারফর্ম করেছিলেন শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও কারান আউজলা (Karan Aujla)। এবার উচ্ছ্বাসের পরিবর্তে সশ্রদ্ধ নীরবতা। তবে মরসুম শেষে ৩১ মে ফাইনালের দিন বড় সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনা আছে। অন্তত এমনটাই বিসিসিআই সূত্রের খবর।
ম্যাচ হবে, কিন্তু উদযাপন নেই
শনিবার আরসিবি (Royal Challengers Bengaluru)-সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ম্যাচের আগে স্টেডিয়ামে থাকবে ১১টি ফাঁকা আসন—পদদলিত ১১ জনের স্মরণে। স্মৃতিফলকও বসানো হবে। খেলোয়াড়রা অনুশীলনে পরবেন ১১ নম্বর জার্সি।
একদিকে অসম্পূর্ণ নির্মাণকাজ, অন্যদিকে শোকের আবহ—এই দোটানা পরিস্থিতির মধ্যে দিয়েই জার্নি শুরু করছে এবারের মেগা ইভেন্ট। মাঠ তৈরি হোক বা না হোক, ম্যাচ হবেই। কিন্তু দর্শকদের সুরক্ষা? নিরাপত্তা? ৪ জুনের কথা মনে থাকলে এ যাত্রা ফসকা গেরো থাকবে না—আশা করা যেতে পারে।