একটা মোদী স্টেডিয়াম করে দিয়েছেন, আর সব খেলা নিয়ে চলে যাচ্ছেন সেখানে। তার কারণ? ওখানে কাটমানি নেই, ফাইন মানি রয়েছে। ফাইন মানে আমি ফাইন করার কথা বলছি না, সুন্দর বলছি। কেন বাংলায় খেলা হবে না? কেরলে, কর্নাটকে, ঝাড়খণ্ডে হবে না, সব খেলা হবে শুধু গুজরাতে? আসল অঙ্কটা কী?
_0.png.webp)
মমতা বন্দ্যোপাধ্য়ায়
শেষ আপডেট: 29 May 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। আর তাই নিয়ম অনুযায়ী ২০২৫ আইপিএলের ফাইনাল (2025 IPL Final) হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকাননে। পাশাপাশি হওয়ার কথা ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও। কিন্তু হঠাৎ করেই খারাপ আবহাওয়ার অজুহাত দিয়ে দু’টি ম্যাচই ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকে সরিয়ে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই (BCCI)।
বোর্ডের এই ঘোষণার পরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাংলার ক্রিকেটপ্রেমী জনতা। অভিযোগ ওঠে রাজনৈতিক কারণেই কলকাতা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফাইনাল। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও জানিয়েছিলেন, কলকাতা থেকে সরানো হবে না ফাইনাল। কিন্তু তাঁর আবেদনেও কর্ণপাত করেনি বিসিসিআই।
আসলে ইডেন গার্ডেন্স মানে অনেক ইতিহাস। বাঙালির গর্ব ও আবেগ জড়িয়ে রয়েছে এই স্টেডিয়ামের সঙ্গে। তাই গোটা বাংলা মেনে নিতে পারেনি এই সিদ্ধান্ত। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও এই নিয়ে সোচ্চার হয়েছিলেন। বলেছিলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। যা চলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহের অঙ্গুলি হেলনে।
এবার ভ্যেনু পরিবর্তন নিয়ে সরব হয়ে নোংরা রাজনীতি করার অভিযোগ আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Bandopadhyay)। আর এমন একটি দিনে তিনি এই অভিযোগ তুললেন, যেদিন বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এর আগে এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সরাসরি বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। এবার সেই একই সুর শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রীর থেকে। ইডেন থেকে ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়াকে রাজনৈতিক খেলা বলেই কটাক্ষ করলেন তিনি।
বৃহস্পতি বার নবান্নে সাংবাদিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। সেখানে তিনি বলেন, “একটা মোদী স্টেডিয়াম করে দিয়েছেন, আর সব খেলা নিয়ে চলে যাচ্ছেন সেখানে। তার কারণ? ওখানে কাটমানি নেই, ফাইন মানি রয়েছে। ফাইন মানে আমি ফাইন করার কথা বলছি না, সুন্দর বলছি। কেন বাংলায় খেলা হবে না? কেরলে, কর্নাটকে, ঝাড়খণ্ডে হবে না, সব খেলা হবে শুধু গুজরাতে? আসল অঙ্কটা কী?”
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে সাফ বোঝা যাচ্ছে, তিনি কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের দিকেই আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিতে চাইছে। কেন্দ্রের পদক্ষেপে তিনি রাজনীতির গন্ধ পাচ্ছেন।