আজ গুজরাতের ম্যাচ রয়েছে সিএসকের বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলে ২০ পয়েন্ট নিয়ে তারা ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। কারণ প্লে অফের বাকি তিনটি দল পিবিকেএস, আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচ জিতলেও ২০ পয়েন্টে পৌঁছতে পারবে না।

আইপিএল ২০২৫
শেষ আপডেট: 25 May 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এ (IPL 2025) লিগ পর্বের আর মাত্র ৪টি ম্যাচ বাকি আছে। ইতিমধ্যেই প্লে অফে (Play Off) উঠে গিয়েছে গুজরাত টাইটানস (GT), পাঞ্জাব সুপার কিংস (PBKS), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। তবে কোন দুই দল শীর্ষ-২-এ স্থান পাবে তা এখনও ঠিক হয়নি।
শনিবার দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে পাঞ্জাব কিংসের শীর্ষ-২-এ থাকার আশায় প্রশ্ন উঠে গিয়েছে। আজ চেন্নাই সুপার কিংস যদি গুজরাত টাইটানসকে হারিয়ে দেয় তবে শুভমান গিলদেরও প্রথম দুইয়ে থাকার আশা শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পাঞ্জাব ও বেঙ্গালুরু যদি নিজেদের শেষ ম্যাচ জিততে পারে তবে তারা প্রথম দুইয়ে স্থান করে নেবে।
এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে গুজরাত টাইটানস এখনও শীর্ষ স্থান ধরে রেখেছ। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। নেট রান রেটেও (০.৬০২) পঞ্জাব ও বেঙ্গালুরুর থেকে এগিয়ে তারা। তবে নেট রান রেটের শীর্ষে রয়েছে মুম্বই (১.২৯২)। আজ গুজরাতের ম্যাচ রয়েছে সিএসকের বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলে ২০ পয়েন্ট নিয়ে তারা ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। কারণ প্লে অফের বাকি তিনটি দল পিবিকেএস, আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচ জিতলেও ২০ পয়েন্টে পৌঁছতে পারবে না।
১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব সুপার কিংস। তাদের ম্যাচ বাকি রয়েছে মুম্বইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৯। এদিকে বেঙ্গালুরুর শেষ ম্যাচ এলএসজির বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে তাদেরও পয়েন্ট হবে ১৯। তবে পিবিকেএসের নেট রান রেট (০.৩২৭) বেঙ্গালুরুর (০.২৫৫) থেকে ভাল। তাই মুম্বইকে যদি পাঞ্জাব হারাতে পারে, তবে তাদের দ্বিতীয় স্থান মোটামুটি নিশ্চিত। তবে এক্ষেত্রে বেঙ্গালুরু যদি নিজেদের শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে যায়, তখন কিন্তু নেট রান রেট সমস্যায় ফেলতে পারে পাঞ্জাবকে।
শীর্ষ-২-এ থাকা কেন গুরুত্বপূর্ণ?
আইপিএল ফাইনালে পৌঁছনোর জন্য প্লে অফ পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে শীর্ষ-২ অবস্থানে থাকা দলগুলি কোয়ালিফায়ার-১-এ একে অপরের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে পৌঁছবে, আর হেরে যাওয়া দলের ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকবে।
৩য় এবং ৪র্থ স্থান অধিকারী দল দু’টির মধ্যে হবে এলিমিনেটর ম্যাচ। যে দল জিতবে তারা কোয়ালিফায়ার-১-এর পরাজিত দলের বিরুদ্ধে কোয়ালিফায়ার-২-এ মুখোমুখি হবে। কোয়ালিফায়ার-২-তে যে দল জিতবে তারা ফাইনালে উঠবে। এলিমিনেটরে যে দল হেরে যাবে তারা বাদ পড়বে।