প্লে-অফে পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ঋদ্ধিমান সাহা। তিন ইনিংসে এই বঙ্গ সন্তান ১৫৬ রান করেছিলেন। এর পরে, ১৩১ রান নিয়ে বীরেন্দ্র সেওয়াগ দ্বিতীয় স্থানে।
_0.png.webp)
রিকি পন্টিং ও শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 28 May 2025 16:34
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এ (IPL 2025) বৃহস্পতিবার কোয়ালিফায়ার-১-এ (Qualifier 1) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের (RCB vs PBKS) মুখোমুখি হবে। বেঙ্গালুরুকে নিয়ে প্রতি মরশুমে প্রত্যাশা থাকলেও পাঞ্জাবকে সেভাবে ধর্তব্যের মধ্যে রাখতেন না বিশেষজ্ঞরা।
এবারও মরশুমের শুরুতে কেউ ভাবেননি যে, রিকি পন্টিং এবং শ্রেয়স আইয়ারের জুটি দলকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে। এবার পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে অফে উঠেছে পিবিকেএস। ১১ বছর আগে ২০১৪ সালে শেষ বার তারা যখন প্লে অফে উঠেছিল, সেবারও ছিল টেবিল টপার। তবে, কোচ রিকি পন্টিংয়ের দৃষ্টিতে দলটি এখনও কিছুই অর্জন করতে পারেনি এবং তাঁর মতে সামনে আরও বড় ম্যাচ বাকি রয়েছে।
কোয়ালিফায়ার-১ জিতলেই সরাসরি ফাইনালে উঠে পড়বে শ্রেয়স ব্রিগেড। যদি দলটি কোয়ালিফায়ার-১ এ হেরে যায়, তাহলে তাদের কোয়ালিফায়ার-২ জিতে ফাইনালে ওঠার সুযোগ থাকবে।
মুল্লানপুরে পিবিকেএস এবং আরসিবির মধ্যে কোয়ালিফায়ার-১ ম্যাচের আগে পাঞ্জাবের প্লে অফ রেকর্ড একবার দেখে নেওয়া যাক।
এর আগে কোয়ালিফায়ার-১-এ একটি ম্যাচ খেলেছে পাঞ্জাব। তবে সেই ম্যাচে তারা হেরে গিয়েছিল। ২০১৪ সালে, জর্জ বেইলির নেতৃত্বে পাঞ্জাব কোয়ালিফায়ার-১-এ কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছিল। এরপর, পাঞ্জাব কোয়ালিফায়ার-২ জিতে ফাইনালে পৌঁছয়। কিন্তু সেখানেও তারা কেকেআরের কাছে হেরে যায়।
পাঞ্জাব প্লে অফে মোট চারটি ম্যাচ খেলেছে। এর মধ্যে দলটি মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে এবং তিনটিতে পরাজয়ের মুখোমুখি হয়েছে। ২০০৮ সালের এলিমিনেটরে (দু’টি সেমিফাইনাল হয়েছিল এবং সেমিফাইনালগুলিকে এলিমিনেটর ম্যাচ বলা হত) চেন্নাই সুপার কিংস পাঞ্জাবকে নয় উইকেটে পরাজিত করেছিল।
প্লে-অফে পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ঋদ্ধিমান সাহা। তিন ইনিংসে এই বঙ্গ সন্তান ১৫৬ রান করেছিলেন। এর পরে, ১৩১ রান নিয়ে বীরেন্দ্র সেওয়াগ দ্বিতীয় স্থানে এবং ১২৭ রান নিয়ে মনন ভোরা তৃতীয় স্থানে রয়েছেন।
প্লে অফে পাঞ্জাবের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন করণবীর সিং। তিন ইনিংসে তিনি সাত উইকেট নেন। মিচেল জনসন পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় এবং অক্ষর প্যাটেল তিন উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।