এই ম্যাচে যে দল জিতবে তারা নিশ্চিতভাবে শীর্ষ দুইয়ে থাকবে। আজ যে দল জয়ী হবে তারা কোয়ালিফায়ার-১ খেলবে। কারণ পাঞ্জাবের পয়েন্ট ১৭ এবং আজকের জয় পেলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৯। পাঞ্জাব ছাড়া একমাত্র আরসিবি ১৯ পয়েন্টে পৌঁছতে পারে।

পাঞ্জাব বনাম মুম্বই
শেষ আপডেট: 26 May 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর (IPL 2025) গ্রুপ পর্ব শেষের পথে। ইতিমধ্যেই প্লে অফের (Play Off) চারটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। এখন চলছে শীর্ষ দুইয়ে থাকার লড়াই।
তবে প্লে অফে উঠে যাওয়া তিন দল গুজরাত টাইটান্স (GT), পাঞ্জাব কিংস (PBKS) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হঠাৎ করেই যেন ছন্দপতন হয়েছে। পরপর হেরেছে তারা। এখনও গুজরাত টেবিল শীর্ষে রয়েছে ও পাঞ্জাব দ্বিতীয় স্থানে। এখন যা পরিস্থিতি, তাতে যে কোনও দলই প্রথম দুইয়ে ঢুকে পড়তে পারে।
আইপিএল ২০২৫-এর লিগ রাউন্ডের শেষ কয়েকটি ম্যাচ উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এখন লিগ রাউন্ডের মাত্র দু’টি ম্যাচ বাকি এবং এই দু’টি ম্যাচই শীর্ষ দুই দলের নাম নির্ধারণ করবে।
আজ রয়েছে পাঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের (PBKS vs MI) মধ্যে ম্যাচ। আর লিগ পর্বের শেষ ম্যাচটি মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে অনুষ্ঠিত হবে।
এদিকে চেন্নাই সুপার কিংসের কাছে বিশাল ব্যবধানে হেরে গিয়ে গুজরাত টাইটান্স নিজেদের সমীকরণ নিজেরাই নষ্ট করে দিয়েছে। এটি ছিল জিটির টানা দ্বিতীয় পরাজয়। আগের ম্যাচেও শুভমান গিলরা লখনউ সুপার জায়ান্টসের কাছে পরাজিত হয়েছিলেন। যদিও দলটি এখনও শীর্ষ দুইয়ের দৌড়ে রয়েছে, তবে তাদের অন্যান্য দলের উপর নির্ভর করতে হবে।
আসুন জেনে নিই গুজরাট, পাঞ্জাব, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের মধ্যে শীর্ষ দুই স্থানের জন্য কার দাবি সবচেয়ে বেশি।
আজ যে জিতবে তারা শীর্ষ দুইয়ে থাকবে
আজ জয়পুরে পাঞ্জাব কিংস নামবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই ম্যাচে যে দল জিতবে তারা নিশ্চিতভাবে শীর্ষ দুইয়ে থাকবে। আজ যে দল জয়ী হবে তারা কোয়ালিফায়ার-১ খেলবে। কারণ পাঞ্জাবের পয়েন্ট ১৭ এবং আজকের জয় পেলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৯। পাঞ্জাব ছাড়া একমাত্র আরসিবি ১৯ পয়েন্টে পৌঁছতে পারে। এমন পরিস্থিতিতে, শীর্ষ দুইয়ে পাঞ্জাবের স্থান নিশ্চিত হবে। তবে, হেরে গেলে পাঞ্জাবের পয়েন্ট থাকবে ১৭ এবং জয় পেলে মুম্বইয়ের পয়েন্ট হবে ১৮। মুম্বইয়ের নেট রান রেট বর্তমানে সেরা এবং ১০টি দলের মধ্যে সবথেক বেশি। একটি জয় তাদের নেট রান রেট উন্নত করবে এবং দলটি গুজরাটকে ছাড়িয়ে ১৮ পয়েন্ট এবং দুর্দান্ত নেট রান রেট নিয়ে শীর্ষে উঠবে।
গুজরাটের ভবিষ্যৎ নির্ভর করবে আরসিবি এবং লখনউয়ের ম্যাচের উপর। এই পরিস্থিতিতে, মুম্বইয়ের কোয়ালিফায়ার-১ খেলা নিশ্চিত হবে, কারণ তখন কেবল আরসিবিই নেট রান রেট এবং পয়েন্টের দিক থেকে তাদের চেয়ে এগিয়ে যেতে পারবে। বাকি সবাই তাদের পিছনে থাকবে।
মঙ্গলবার আরসিবি এবং লখনউ ম্যাচটিও খুবই গুরুত্বপূর্ণ
মঙ্গলবার লিগ রাউন্ডের শেষ ম্যাচটি আরসিবি এবং লখনউয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লখনউয় ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে বাদ পড়েছে। যদি আরসিবি লখনউকে হারাতে সক্ষম হয়, তাহলে তারা ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকবে এবং শীর্ষ দুইয়ে স্থান নিশ্চিত করবে। তবে লখনউ যদি জিতে যায় তাহলে বেঙ্গালুরুকে তৃতীয় বা চতুর্থ স্থানে থাকতে হতে পারে। কারণ গুজরাট তখন ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে থাকবে। তবে, এর জন্য মুম্বইয়ের পাঞ্জাবকে হারানো জরুরি। অথবা পাঞ্জাবের মুম্বইকে ২০০-২৫০ রানে হারানো উচিত, যা বাস্তবে সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে (মুম্বইয়ের নেট রান রেটের কথা বিবেচনা করে)।
এমন পরিস্থিতিতে, গুজরাট চাইবে মুম্বই পাঞ্জাবকে হারাক এবং আরসিবি লখনউয়ের কাছে হারুক। আরসিবির জয় তাদের শীর্ষ দুইয়ে স্থান করে দেবে এবং তারপর গুজরাটকে তৃতীয় বা চতুর্থ স্থানে থাকতে হবে।
যদি ম্যাচটি অমীমাংসিত হয়, তাহলে সমীকরণটি কী হবে?
যদি পাঞ্জাব এবং মুম্বইয়ের মধ্যকার ম্যাচটি কোনও কারণে না হয় অথবা বৃষ্টির কারণে ভেস্তে যায় (অমীমাংসিত থাকে), তাহলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে। এই পরিস্থিতিতে, গুজরাত শীর্ষ দুইয়ে শেষ করবে। মুম্বইকে তৃতীয় বা চতুর্থ স্থানে থাকতে হবে। এই পরিস্থিতিতে, যদি আরসিবি লখনউকে হারায়, তাহলে বেঙ্গালুরু গুজরাতের সঙ্গে শীর্ষ দুইয়ে যোগ দেবে।
যদি লখনউ আরসিবিকে হারায়, তাহলে বেঙ্গালুরুকে তৃতীয় বা চতুর্থ স্থানে থাকতে হবে এবং পাঞ্জাব শীর্ষ দুইয়ে প্রবেশ করবে। যদি পাঞ্জাব-মুম্বই ম্যাচটি অমীমাংসিত থাকে এবং বৃষ্টির কারণে আরসিবি-লখনউ ম্যাচেও ব্যাঘাত ঘটে এবং এই ম্যাচটিও অমীমাংসিত থাকে, তাহলে শীর্ষ দুইয়ে গুজরাটের স্থান নিশ্চিত হয়ে যাবে। পাশাপাশি আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে ভাল নেট রান রেট থাকা দলটি গুজরাতের সঙ্গে শীর্ষ দুইয়ে যোগ দেবে।