তিনি দলের এক্স-ফ্যাক্টর ছিলেন। সম্প্রতি তাতে জুড়ে দিন ‘ফিয়ার-ফ্যাক্টর’! বুমরাহর সাকুল্যে ২৪ বল শুধুমাত্র ব্যাটসম্যানের ‘টেকনিকে’ নয়, তাঁর ‘টেম্পেরামেন্টে’রও পরীক্ষা!

জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 1 June 2025 14:32
দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ভয় পাবে পাঞ্জাব (Punjab Kings)। ভয় পাবে তাঁর নিথর, নিষ্পলক চাহনিকেও।
এমনিতে উইকেট তুলে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখান না বুমরাহ। তিনি বরাবর স্থিতধী, বরাবর অচঞ্চল। কিন্তু এলিমিনেটরের ম্যাচে গুজরাত টাইটানসের ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) আক্ষরিক অর্থে মাটিতে শুইয়ে, লেগ স্ট্যাপ ওপড়ানো যে নিখুঁত, লক্ষ্যভেদী ইয়র্কারটি ছুড়েছিলেন, তার চেয়েও আইকনিক হয়ে উঠেছে ভূপতিত ব্যাটসম্যানের দিকে নিথর চেয়ে থাকা বুমরাহর হিমশীতল অভিব্যক্তি!
অনেকের মতে ওই ডেলভারি চলতি আইপিএলের (IPL 2025) শ্রেষ্ঠ বল। অনেকে বলছেন, ওই সময় ওয়াশিংটন সুন্দরের আউটই নাকি লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেয়। অনেকের মতে, রোহিতের সুযোগ-ছড়ানো, নড়বড়ে ৫০ বলে ৮১ নয়, গুজরাত-নিধনে সেরা পারফরম্যান্স জসপ্রীত বুমরাহর ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে তোলা ১ উইকেটের ক্ষুরধার স্পেল।
রান চেপেছেন। মোক্ষম সময়ে উইকেট নিয়েছেন বুমরাহ। ডাকাবুকো, দিলদরিয়া অধিনায়ক হার্দিক কিছুই ঢেকেঢুকে রাখতে পারেন না। সাফ জানিয়েছেন, বিপদে পড়লেই যে কারও উচিত বুমরাহর হাতে বল তুলে দেওয়া। তিনিই পরিত্রাতা, তিনিই রক্ষাকর্তা। উপরন্তু এতটাই মহার্ঘ্য, যে মুম্বইয়ের যে-কোনও বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সঙ্গে তাঁর দামের ‘তুলনা’ চলতে পারে!
কিন্তু মূল্য নয়, উইকেট ছত্রখান করা বিষাক্ত ইয়র্কারও নয়… পাঞ্জাব টিমের রাতের ঘুম ওড়াবে বুমরাহর চাহনি! অপলক নেত্রে তাকিয়ে থাকার ধরন। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, চোট থেকে ফিরে বুমরাহ বদলে গিয়েছেন। কিছু যেন ভর করেছে তাঁকে! নইলে কেন আইপিএলের গোড়ায়ল, যখন তিনি ম্যাচ ফিট হননি, মাঠে নামার অবস্থায় পৌঁছননি—মুম্বই জিতবে মাত্র একটি ম্যাচ? তারপর তিনি ফিরে এলেন যখন, তখন ১১ ম্যাচের ৮টিতেই জয় ছিনিয়ে নিল তারা?
বিষয়টা তো শুধু এই সিজনের নয়—প্রতি মরশুমে একই গল্প! তথ্য বলছে, বুমরাহর আইপিএল অভিষেকের আগে মুম্বই ইন্ডিয়ান্স একটিও খেতাব জেতেনি। অথচ একবার মাঠে নামলেন যেই, দলের ভাঁড়ারে ঢুকে গেল পাঁচ-পাঁচটি ট্রফি!
বল-বাই-বলের ভিডিও চালালে বোঝা যাবে কেন বুমরাহ-ই মুম্বইয়ের চাবিকাঠি। পরিসংখ্যান বুঝিয়ে দেবে কেন হার্দিকের দেওয়া বিলাসবহুল ফ্ল্যাটের উপমা শুনতে লঘু হলেও আদতে সঠিক! তিনি দলের এক্স-ফ্যাক্টর ছিলেন। সম্প্রতি তাতে জুড়ে দিন ‘ফিয়ার-ফ্যাক্টর’! বুমরাহর সাকুল্যে ২৪ বল শুধুমাত্র ব্যাটসম্যানের ‘টেকনিকে’ নয়, তাঁর ‘টেম্পেরামেন্টে’রও পরীক্ষা! ওয়াশিংটন সুন্দর শুধু বোল্ড আউট হননি, যে কায়দায় দু-পা ফাঁক করে মাটিতে বিধ্বস্ত হয়েছেন, সেটা দৃশ্যত সুখকর নয়। বাকি কেরিয়ারজুড়ে ওয়াশিংটনকে এই ভয় তাড়া করে বেড়াবে। নেহাতই তিনি জাতীয় দলে বুমরাহর সতীর্থ। নয়তো আন্তর্জাতিক ক্রিকেটে ওয়শিংটন স্বস্তিতে ময়দানে মানতে পারতেন না।
ভক্তমহল তাঁকে আদর করে ‘এলিয়েন’ বলে ডাকে, তাত্ত্বিকদের চোখে তিনি ‘চিট কোড’। বিরাট কোহলি তাকে ‘প্রজন্মের তারকা’ বলে কুর্নিশ জানিয়েছেন। কিন্তু আপাতত পাঞ্জাব বাহিনী সবকিছু এড়িয়ে জসপ্রীত বুমরাহর চেয়ে থাকার ধরনকে ভুলতে চাইবে!