দলে নতুন ক্রিকেটার এলেও, আমাদের কিছু খেলোয়াড় আছেন যাঁদের অনেক অভিজ্ঞতা। সুতরাং, আমাদের আলোচনা, কৌশল এবং সবকিছুই কীভাবে আরও উন্নতি করা যায়, কীভাবে আমরা এগিয়ে যেতে পারি সে সম্পর্কে।
_0.png.webp)
মাহেলা জয়াবর্ধনে
শেষ আপডেট: 31 May 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর (IPL 2025) শুরুটা খারাপ করেও দুরন্ত প্রত্যাবর্তন করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আইপিএল ২০২৫-এ এলিমিনেটর (Eliminator) জিতে কোয়ালিফায়ার ২-এ (Qualifier-2) উঠেছে হার্দিক ব্রিগেড। ফাইনালে উঠতে হলে মুম্বইকে ১ জুন পাঞ্জাব কিংসকে হারাতে হবে।
পাঞ্জাব ম্যাচের আগে, মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে (Head Coach Mahela Jayawardene) নিজের দল সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন। শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটারের বিশ্বাস, তাঁর দল বছরের পর বছর ধরে মূল খেলোয়াড়দের সঙ্গে যে জয়ের সংস্কৃতি (Winning culture) তৈরি করেছে তা তাঁদের চাপের পরিস্থিতিতে ভাল পারফর্ম করতে সাহায্য করছে।
শুক্রবার আইপিএল এলিমিনেটরে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই গুজরাত টাইটানসকে (Gujrtat Titans) হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রবেশ করেছে। বড় ম্যাচে দলের ভাল পারফরম্যান্সের কথা উল্লেখ করে জয়াবর্ধনে বলেন, জয়ের সংস্কৃতি বজায় রাখাই তাদের সাফল্য এনে দিচ্ছে।
"যখন আপনার দলে একটি জয়ের সংস্কৃতি থাকে, তখন একই জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা সহজ।" ম্যাচের পরে তিনি সাংবাদিকদের এমনটাই বলেছেন। তাঁর আরও সংযোজন, “দলে নতুন ক্রিকেটার এলেও, আমাদের কিছু খেলোয়াড় আছেন যাঁদের অনেক অভিজ্ঞতা। সুতরাং, আমাদের আলোচনা, কৌশল এবং সবকিছুই কীভাবে আরও উন্নতি করা যায়, কীভাবে আমরা এগিয়ে যেতে পারি সে সম্পর্কে।" এই প্রসঙ্গে তিনি রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ-সহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের উল্লেখ করে বলেন, এই খেলোয়াড়রা বছরের পর বছর ধরে দলের অভিযানের অংশ।
তিনি বলেন, “সিনিয়র খেলোয়াড়রা জয় সম্পর্কে সবকিছুই জানেন এবং তাঁরা দলে যোগদানকারী তরুণদের মধ্যেও একই অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করেন। জয়ী মানসিকতা আসে সিনিয়র খেলোয়াড়দের এবং চ্যাম্পিয়ন দলের অংশ থাকা খেলোয়াড়দের কাছ থেকে। এটি তাঁদের সাহায্য করে। আমার কাজ হল নতুন খেলোয়াড়দের সেই সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করা।”
শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ক বলেছেন, “নিলামের পর আমাদের দলে কিছু নতুন খেলোয়াড় যুক্ত হয়েছেন। আমরা তাঁদের দলগত সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম ও তাঁদের বলেছিলাম যে আমরা কীভাবে কাজ করি এবং এগিয়ে যাই।”