আমি নিষেধাজ্ঞার বিষয়ে অনুসন্ধান করে জানতে পারি, আইপিএল অভিযোগ করেছে যে, আমি তাদের কপিরাইট পলিসি লঙ্ঘন করেছি। বিষয়টি আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে। কারণ ভিডিওটি এক মিনিটেরও কম সময়ের ছিল। ভিডিওটিতে বেঙ্গালুরুর সাফল্যে আমি আমার আবেগ শুধু প্রকাশ করেছিলাম।

সিদ্ধার্থ মাল্যর ভিডিয়ো সরিয়ে দিল ইন্সটাগ্রাম
শেষ আপডেট: 10 June 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: ঠিক এক সপ্তাহ আগে (৩ জুন) আইপিএল ২০২৫ (IPL 2025) জিতে অধরা মাধুরী স্পর্শ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আইপিএলের ১৮ বছরের ইতিহাসে সেটাই ছিল তাদের প্রথম খেতাব। দলের এই সাফল্যে শুধু আরসিবি সমর্থকরা নন, উদ্বেল হয়ে উঠেছিলেন গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিরাট কোহলি (Virat Kohli) ভক্তরাও।
আরসিবি দলের প্রতিষ্ঠাতা এক সময়কার লিকার ব্যারন বিজয় মাল্য (Vijay Mallya)। তিনি অবশ্য এখন পলাতক। তাঁর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। তাঁর পুত্র সিদ্ধার্থ মাল্যও (Siddharth Mallya) বেঙ্গালুরুর জয়ের পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। তিনি ইনস্টাগ্রামে (Instagram) দলের জয় উদযাপনের একটি ভিডিয়ো (Video) শেয়ার করেছিলেন। কিন্তু তাতেই দেখা দিয়েছে বিভ্রাট। কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ইনস্টাগ্রাম ভিডিয়োটি সরিয়ে নেয়।
এরপর অপর একটি ভিডিওতে সিদ্ধার্থ জানান, কপিরাইট লঙ্ঘনের কারণে তাঁকে ইনস্টাগ্রামে কোনও পোস্ট করা থেকে বিরত রাখা হয়েছে। কিন্তু সোমবার জুনিয়র মাল্য দাবি করেছেন, তিনি গভীরভাবে অনুসন্ধান করে জানতে পেরেছেন, আইপিএল কর্তৃপক্ষই ইনস্টাগ্রামকে বলেছে তাঁর ভিডিয়োটি সরিয়ে নিতে।
সিদ্ধার্থ অপর একটি ভিডিয়োতে বলেছেন, "কোনও কারণে, ইনস্টাগ্রাম ভিডিয়োটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অ্যাপে আমাকে ইন্টারঅ্যাক্ট করা থেকে নিষিদ্ধ করেছে। কিন্তু গতকাল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আমি নিষেধাজ্ঞার বিষয়ে অনুসন্ধান করে জানতে পারি, আইপিএল অভিযোগ করেছে যে, আমি তাদের কপিরাইট পলিসি (Copyright Policy) লঙ্ঘন করেছি। বিষয়টি আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে। কারণ ভিডিওটি এক মিনিটেরও কম সময়ের ছিল। ভিডিওটিতে বেঙ্গালুরুর সাফল্যে আমি আমার আবেগ শুধু প্রকাশ করেছিলাম। সেই ভিডিও কীভাবে কপিরাইট পলিসি লঙ্ঘন করলাম সেটাই বুঝতে পারছি না।"
সিদ্ধার্থ পাশাপাশি আরও বলেছেন, "ভিডিয়োটি ছিল শুধু আমার আবেগ সম্পর্কে। এটা অদ্ভুত যে, তারা আমার উদযাপন এবং ভক্তদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ কেড়ে নিয়েছে। আমি এটা নিয়ে বিরক্ত এবং বিষয়টি দুঃখজনক। জীবন এমনই।"
আরসিবির খেতাব জয়ের পর মালিয়া পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দলের জয় উদযাপনের যে আবেগঘন ভিডিও শেয়ার করেছিলেন তাতে একটি টিভি স্ক্রিনও দেখা গিয়েছিল। যেখানে সম্প্রচারের 'কপিরাইটযুক্ত কন্টেন্ট' দেখা গিয়েছে বলে অভিযোগ ওঠে। আর সেই কারণেই বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে ইন্সটাগ্রামকে বলা হয়েছিল ভিডিয়োটি সরিয়ে নিতে।