সবাইকে অবাক করে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Nicholas Pooran Retiremnent) নিলেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ব্যাটসম্যান নিকোলাস পুরান (Nicholas Pooran)।

নিকোলাস পুরান
শেষ আপডেট: 10 June 2025 11:33
দ্য ওয়াল ব্যুরো: সবাইকে অবাক করে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Nicholas Pooran Retiremnent) নিলেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ব্যাটসম্যান নিকোলাস পুরান (Nicholas Pooran)। টি-২০ (T-20) তো বটেই, ওয়ান ডে (ODI) ক্রিকেটেও তিনি দেশের জার্সিতে একাধিক ম্যাচ খেলেছেন, দায়িত্ব পেয়েছেন দলকে নেতৃত্ব দেওয়ার। সম্প্রতি আইপিএলের (IPL) ময়দানেও দেখা গিয়েছে। খেলেছেন লখনউ সুপার জায়ান্টসের (LSG) হয়ে। টিম ছন্দে না থাকলেও দুরন্ত ব্যাটিং করেছেন পুরান। তাঁর অবসরের এই আচমকা সিদ্ধান্তে বিস্ময় ছড়িয়েছে ক্রিকেট মহলে।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে পুরান ৬১টি টি-২০ ম্যাচ এবং ১০৬টি ওয়ান ডে খেলেছেন। করেছেন ৪ হাজারেরও বেশি রান। টি-২০ ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিয়েছেন। এই ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই।
জল্পনা আরও বেড়েছে। তার কারণ, দিনকয়েক আগেই তাঁকে যেন ইংল্যান্ড সিরিজে দলে নেওয়া না হয়—এই মর্মে দেশের ক্রিকেট বোর্ডের কাছে বিশেষ আর্জি রেখেছিলেন পুরান। অনেকের অনুমান ছিল, হয়তো আইপিএল খেলার ক্লান্তি থেকেই এই অনুরোধ। সেই সাময়িক বিশ্রাম যে শেষমেশ অবসরে দাঁড়াবে—কেউই আশা করেননি।
যদিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিদায়ী বার্তায় পুরান শুরুতেই লেখেন, ‘অনেক চিন্তাভাবনা ও বিচার-বিবেচনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।‘ তারপর জুড়ে দেন, ‘এই খেলাকে খুবই ভালবাসি। যা আনন্দ, লক্ষ্য, অবিস্মরণীয় স্মৃতি সর্বোপরি ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছে।‘
দেশের হয়ে নামাটা কতটা গর্বের, তার উল্লেখ করতে গিয়ে পুরান বলেন, ‘মেরুন জার্সি গায়ে জাতীয় সংগীত গাওয়া এবং প্রতিবার যখন মাঠে নেমেছি, নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া… এটা আমার কাছে কতটা সম্মানের, তা ভাষায় বোঝাতে পারব না। দলকে নেতৃত্ব দেওয়া গর্বের। আর এটা বরাবর আমার হৃদয়ের কাছে থাকবে।‘
From a young boy with a dream to wear the Maroon, to a global star inspiring millions — WI thank you, Nicky P. 🙏🏽 pic.twitter.com/2UPsXCGQgy
— Windies Cricket (@windiescricket) June 9, 2025
উল্লেখ্য, বিধ্বংসী ব্যাটসম্যান গত টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন। ২০২২ সালে তাঁকে সাদা বলের ক্রিকেটে দলের অধিনায়ক নির্বাচন করা হয়। যদিও অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর পুরান নিজেই দায়িত্ব থেকে অব্যহতি চান। শেষ ইনিংস খেলতে নেমেছিলেন গত বছর ডিসেম্বর মাসে, বাংলাদেশের বিরুদ্ধে। ওই টি-২০ ম্যাচে ১০ বলে ১৫ রান তুলেই আউট হন।