এই ফলাফলের সুবাদে মাল্টি-ফরম্যাট সিরিজও নিজেদের দখলে নিল অজিরা।
.jpeg.webp)
ছবি: গুগল
শেষ আপডেট: 8 March 2026 14:29
দ্য ওয়াল ব্যুরো: অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ৩৭তম জন্মদিনটা স্মরণীয় হওয়ার কথা ছিল। কিন্তু তা বদলে গেল হতাশায়। পার্থে বড় ব্যবধানে হার মানতে বাধ্য হল ভারতের মেয়েরা (India women’s cricket team)। ওয়াকা গ্রাউন্ডে (WACA Ground) দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়া মহিলা দল (Australia women’s cricket team) জিতল ১০ উইকেটে।
এই ফলাফলের সুবাদে মাল্টি-ফরম্যাট সিরিজও নিজেদের দখলে নিল অজিরা। ফল ১২–৮। আন্তর্জাতিক নারী দিবসে অধিনায়ক অ্যালিসা হিলির (Alyssa Healy) জন্যও এই সাফল্য হয়ে উঠল স্মরণীয়।
প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে চাপে ভারত
ম্যাচের মোড় ঘুরে যায় প্রথম ইনিংসে। ভারত তোলে ১৯৮ রান। দলের হয়ে অর্ধশতরান জেমিমা রদ্রিগেজের (Jemimah Rodrigues)। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সাফল্য পান অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland), চার উইকেট নেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে অজি বাহিনী তোলে ৩২৩। বড় ইনিংস খেলেন সাদারল্যান্ড। তাঁর ব্যাট থেকে আসে ১২৯, এলিস পেরি (Ellyse Perry) করেন ৭৬ রান। ভারতের হয়ে সবচেয়ে সফল সায়ালি সাতঘরে (Sayali Satghare), ঝুলিতে চার উইকেট। যদিও তাঁর পারফরম্যান্স অস্ট্রেলিয়াকে ১২৫ রানের লিড নেওয়া থেকে আটকাতে পারেনি। আর সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ক্যাঙারুদের হাতে চলে যায়।
মরিয়া চেষ্টা প্রতীকার, তবু হার মানল প্রতিরোধ
বড় চাপের মধ্যে দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায়। শুরুতে কিছুটা হলেও লড়াইয়ে ছিলেন স্নেহ রানা (Sneh Rana)। প্রতীকা রাওয়ালের (Pratika Rawal) সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। করেন ৩০ রান। ভারতের সেরা ইনিংস আসে প্রতীকার ব্যাট থেকে। তিনি খেলেন ৬৩ রানের লড়াকু ইনিংস। ১৩৭ বলে আটটি চার মেরে দলকে কিছুটা হলেও ভরসা জোগান।
অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাশলি গার্ডনার (Ashleigh Gardner) যদিও সেই প্রতিরোধ ভেঙে দেন। নীচের দিকের ব্যাটারদের দ্রুত ফেরান আলানা কিং (Alana King)। লোয়ার অর্ডারে নামে হুড়মুড়িয়ে পতন, যার জেরে টিম ইন্ডিয়া অলআউট হয় ১৪৯ রানে। লিড দাঁড়ায় মাত্র ২৪ রান।
সহজ লক্ষ্য, তিন দিনেই ম্যাচ শেষ
অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল মাত্র ২৫! দ্বিতীয় ইনিংসে কোনও ঝুটঝামেলা ছাড়াই সেই রান তুলে নেয় তারা। নেপথ্যে ফোবি লিচফিল্ড (Phoebe Litchfield) ও জর্জিয়া ভল (Georgia Voll)। কয়েক ওভারের মধ্যেই খেলা শেষ।
ভারত শুরুতে টি–২০ সিরিজে এগিয়ে ছিল। কিন্তু ওয়ানডে থেকে ছন্দ হারিয়ে ফেলে। সেই ধাক্কা টেস্টে আরও জোরালো হল। আর পার্থ টেস্ট সাক্ষী থাকল একতরফা লড়াইয়ের। হরমনপ্রীত কৌরের জন্মদিনে ভারতীয় সমর্থকদের জন্য একরাশ হতাশা।