ভারতের বি দল এই পাকিস্তানকে হারিয়ে দেবে। কারণ পরিস্থিতি বদলে গিয়েছে। আমরা যখন ৯০-এর দশকে খেলতাম, তখন পাকিস্তান খুব ভাল দল ছিল। এখন দলটি আর আগের মতো নেই।

ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 13 September 2025 16:06
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয় কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বের এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে ভবিষদ্বাণী করার ক্ষেত্রে পিছিয়ে নেই প্রাক্তন ক্রিকেটাররা। বেশির ভাগই বলছেন, ভারতের জয় কেবলমাত্র সময়ের অপেক্ষা। পাকিস্তানকে ধর্তব্যের মধ্যেই আনতে চাইছেন না তাঁরা।
এদিকে এই ম্যাচ নিয়ে বিতর্ক এখনও থামেনি। সোশ্যাল মিডিয়ায় জোরাল আওয়াজ উঠেছে পহেলগাম কাণ্ডের পরিপ্রেক্ষিতে ভারতের উচিত এই ম্যাচ বয়কট করা। পাশাপাশি হরভজন সিং, ইরফান পাঠান, মনোজ তিওয়ারির মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও এই ম্যাচের বিরুদ্ধে। তবে ভারত সরকার জানিয়েছে, বহুদলীয় টুর্নামেন্টের ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়ে তাদের কোনও অসম্মতি নেই।
ভারত ও পাকিস্তান জয় দিয়েই তাদের এশিয়া কাপের অভিযান শুরু করেছে। ভারত একপেশে ম্যাচে আমিরশাহিকে হারিয়েছে নয় উইকেটে। পাকিস্তান ওমানের বিরুদ্ধে ৯৩ রানে জিতলেও তাদের ব্যাটারদের কিন্তু সপ্রতিভ মনে হয়নি। প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলতে পারে ১৬০ রান। কিন্তু এই রান তুলতে গিয়ে তাদের সাত ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান।
এই ম্যাচটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। কারণ, রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-টোয়েন্টি থেকে অবসরের পর এই প্রথমবার ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। প্রাক্তন ভারতীয় বোলার অতুল ওয়াসন (Atul Wassan) এই সম্পর্কে বলেছেন, বর্তমানে ভারতীয় দল যে কন্ডিশনে রয়েছে, তাতে রোহিত-বিরাট জুটির অভাব বোধ করবে না।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খেতাব জয়ের পর রোহিত এবং বিরাট টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। ওয়াসন বলেছেন, “সময় এখন বদলে গিয়েছে এবং আমাদের রোহিত এবং কোহলির থেকে এগিয়ে যাওয়া উচিত।”
বর্তমান পাকিস্তান দল সম্পর্কেও নিজের মতামত জানিয়েছেন অতুল। এই প্রাক্তন ভারতীয় পেসার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, "ভারতের বি দল এই পাকিস্তানকে হারিয়ে দেবে (India's B Team Will Beat This Pakistan Team)। কারণ পরিস্থিতি বদলে গিয়েছে। আমরা যখন ৯০-এর দশকে খেলতাম, তখন পাকিস্তান খুব ভাল দল ছিল। এখন দলটি আর আগের মতো নেই। তবে আমি রোহিত এবং বিরাটকে মিস করব না। কারণ ওদের মিস করতে হলে আমি সুনীল গাভাসকর এবং কপিল দেবকেও মিস করতে শুরু করব। রাজা মারা গিয়েছেন, নতুন রাজা দীর্ঘজীবী হোন। পরিস্থিতি বদলে যাচ্ছে, নতুন সুপারস্টাররা আসছেন। তবে নির্বাচকদের জন্য আমার দুঃখ হচ্ছে। কারণ কাকে বাদ দেওয়া হবে এবং কাকে বেছে নেওয়া হবে, এই নিয়ে নিশ্চয়ই তাঁদের কালঘাম ছুটছে।"
ভারতের প্রাক্তন স্পিনার পীযূষ চাওলাও ওয়াসানের বক্তব্যকে সমর্থন করেছেন। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য পীযূষ বলেছেন, ভারতীয় দলের পরিবর্তন মসৃণভাবে হয়েছে। তিনি বলেন, "আপনি যদি বর্তমান ভারতীয় দলের দিকে তাকান, টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত এবং কোহলি যুগের পর তারা যে পরিমাণ ম্যাচ জিতেছে, তা তাদের সাফল্যেরই খতিয়ান। তারা দুর্দান্ত কাজ করছে। অর্শদীপের মতো ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বের সেরা পাঁচ বোলারের মধ্যে থাকা সত্ত্বেও প্লেয়িং ইলেভেনে সুযোগ পাচ্ছে না।"