নবি মুম্বইয়ের মাঠে ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় পেল হরমনপ্রীত কৌরেরা। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি ভারতের মহিলাদের সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড।

জয়ের পর উচ্ছ্বাস জেমাইমার
শেষ আপডেট: 30 October 2025 23:13
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার মতো সাত সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন (Women’s World Cup) দলকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Australia)। নবি মুম্বইয়ের মাঠে ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় পেল হরমনপ্রীত কৌরেরা। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি ভারতের মহিলাদের সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড।
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তোলে ৩৩৮ রান। জবাবে ভারতকে জয়ের পথে এগিয়ে নেন জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues)— তাঁর ঝলমলে ১২৭ রানের ইনিংস দলের ভিত গড়ে দেয়। পাশে ছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর, যিনি ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেন।
এই জয়ের ফলে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। রবিবার চূড়ান্ত লড়াইয়ে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এখন দেখার, ঐতিহাসিক জয়ের পর হরমনপ্রীতদের হাত ধরেই কি আসবে ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ শিরোপা!
প্রথমে টস জিতে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। লক্ষ্য ছিল বড় রান তোলা। কিন্তু পরিকল্পনা শুরুতেই ভেস্তে যায়। ক্রান্তি গৌড়ের বলে মাত্র ৫ রানেই ফেরেন হিলি। অপর প্রান্তে ফিবি লিচফিল্ড শুরু থেকেই আক্রমণাত্মক। তাঁকে দারুণ সঙ্গ দেন অভিজ্ঞ এলিস পেরি। দু’জনের ব্যাটে গড়ায় ১৫৫ রানের বিশাল জুটি। লিচফিল্ড তুলে নেন শতরান, আর পেরি করেন ৭৭।
কিন্তু জুটি ভাঙতেই গতি হারায় অস্ট্রেলিয়া। আমনজ্যোৎ কৌর লিচফিল্ডকে ফিরিয়ে দেন ১১৯ রানে। তারপর থেকে ভারতীয় স্পিনারদের দাপটে বারবার ব্যাটাররা ব্যর্থ হন। বেথ মুনি ২৪ রানে আউট, সাদারল্যান্ড ও ম্যাকগ্রা রানের মুখই দেখতে পাননি। এক সময় মনে হচ্ছিল, ৩০০ পেরোনো কঠিন হবে। কিন্তু অ্য়াশলি গার্ডনারের ব্যাটে কিছুটা লড়াই ফেরে। ৪৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ইনিংস সামলান তিনি। তবে শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ৩৩৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দীপ্তি শর্মা ও শ্রী চরণী নেন ২টি করে উইকেট।
৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই চাপে। প্রতিকা রাওয়ালকে না পেয়ে ওপেন করতে নামেন তরুণী শেফালি বর্মা। কিন্তু বেশি ক্ষণ টিকতে পারেননি, ১০ রানে ফেরেন। স্মৃতি মন্ধানাও শুরুটা ভাল করলেও ২৪ রানে প্যাভিলিয়নে। এরপর জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত কৌর গড়ে তোলেন জয়ের ভিত। দু’জন মিলে ইনিংস গড়েন ধৈর্য ও বুদ্ধিমত্তায়। শিশির পড়ায় স্পিনাররা বল গ্রিপ করতে পারছিলেন না— সেই সুযোগ কাজে লাগান ভারতীয় ব্যাটাররা।
হরমন আউট হন ৮৯ রানে, কিন্তু জেমাইমা তখন অটল। আগের ম্যাচে ব্যর্থ হলেও এবার জয়ের নায়ক তিনি। দীপ্তি শর্মার সঙ্গে ছোট অথচ গুরুত্বপূর্ণ জুটি গড়ে চাপ সামাল দেন। দীপ্তি ২৪ রানে রানআউট হলেও রিচা ঘোষ এসে খেলার গতি বাড়িয়ে দেন— মাত্র ১৬ বলে ২৬ রান। তাঁর ছয়-চারে যখন ম্যাচ প্রায় শেষ, জেমাইমা তখন শতরান ছুঁয়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
অস্ট্রেলিয়া এই ম্যাচে ফিল্ডিংয়ে একাধিক ভুল করেছে। তিনটি সহজ ক্যাচ ফেলে তারা নিজেরাই ম্যাচ থেকে ছিটকে যায়। হিলি ও ম্যাকগ্রা দু’জনেই জেমাইমার ক্যাচ মিস করেন। হয়তো এ দিন ভাগ্যই ছিল ভারতের পাশে।
১.৩ ওভারে নেমে প্রায় পুরো ইনিংস খেলেছেন জেমাইমা। তাঁর অপরাজিত ইনিংসেই ভারত পৌঁছেছে ফাইনালে। ২০১৭ সালের সেমিফাইনালে যেখানে থেমেছিল ভারত, সেখানে এবার নতুন ইতিহাসের স্বপ্ন দেখছে তারা। আর মাত্র এক ম্যাচ দূরে বিশ্বকাপ জয়। ভারতীয় সমর্থকদের চোখে এখন একটাই দৃশ্য— ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরবেন হরমনপ্রীত কৌর।
২০১৭ সালের পর ফের সেই ভারতের কাছেই মাথা নোয়াল অস্ট্রেলিয়া। আট বছর ধরে এক দিনের বিশ্বকাপে অপরাজিত হিলিদের জয়রথ থামাল হরমনপ্রীতের ভারত। নবি মুম্বইয়ের মাঠে ইতিহাস গড়ল মেন ইন ব্লু নয়, উইমেন ইন ব্লু। সেমিফাইনালে ব্যাটে-বলে ঝলক দেখিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করল ভারতীয় মহিলা দল।