এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। প্রাক্তন অধিনায়ককে এভাবে আক্রমণ ঘিরে বাংলাদেশ ক্রিকেটমহলে তীব্র চর্চা শুরু হয়। প্রশ্ন ওঠে—বোর্ডের অন্দরের মতবিরোধ কি এবার প্রকাশ্য রাস্তায়?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 9 January 2026 15:02
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির আঁচ ক্রিকেটের অন্দরমহলে কতদূর ছড়াতে পারে, ফের তার প্রমাণ মিলল বাংলাদেশে। প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে (Tamim Iqbal) প্রকাশ্যে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে আক্রমণ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) এক শীর্ষ কর্তা। বিতর্ক জমল টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) বাংলাদেশের অবস্থান নিয়ে তামিমের মন্তব্যকে কেন্দ্র করে।
বিশ্বকাপ ভেন্যু নিয়ে আপত্তি, তাতেই বিস্ফোরণ
সম্প্রতি বাংলাদেশের বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করে—২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতে না রেখে নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিয়ে যাওয়া হোক। ভারত–বাংলাদেশ রাজনৈতিক টানাপড়েনের প্রেক্ষিতে এই আর্জি।
এহেন অবস্থান নিয়েই প্রশ্ন তোলেন তামিম ইকবাল (Tamim Iqbal)। সরাসরি বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা না করলেও তিনি জানান, সংবেদনশীল বিষয়ে প্রকাশ্যে কিছু বলার আগে ভিতরে আলোচনা জরুরি। তামিমের বক্তব্য, ‘বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে। আইসিসি থেকেই আমাদের ৯০–৯৫ শতাংশ রাজস্ব আসে। তাই সিদ্ধান্ত নিতে হবে খুব হিসেব করে।’
‘প্রমাণিত ভারতীয় দালাল’: বোর্ড সদস্যের বিস্ফোরক পোস্ট
তামিমের এই মন্তব্যের পরই আক্রমণে নামেন বিসিবি বোর্ড সদস্য এম. নাজমুল ইসলাম (M. Najmul Islam)। ঢাকার সংবাদমাধ্যম ‘বার্তা বাজাররে’র রিপোর্ট অনুযায়ী, ফেসবুকে তিনি লেখেন—‘এইবার আরেকজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু'চোখ ভরে দেখল।’ এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। প্রাক্তন অধিনায়ককে এভাবে আক্রমণ ঘিরে বাংলাদেশ ক্রিকেটমহলে তীব্র চর্চা শুরু হয়। প্রশ্ন ওঠে—বোর্ডের অন্দরের মতবিরোধ কি এবার প্রকাশ্য রাস্তায়?
তামিম আদতে কী বলেছিলেন?
তামিম ইকবাল (Tamim Iqbal) স্পষ্ট সুরেই জানিয়ে দেন, তিনি বোর্ডের সিদ্ধান্ত প্রক্রিয়ার অংশ নন। মিডিয়ার খবর থেকেই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। যদিও তাঁর কথায়, ‘সংবেদনশীল বিষয়ে আগে বোর্ডের ভিতরে আলোচনা হওয়া উচিত। একবার প্রকাশ্যে অবস্থান নিলে, সেখান থেকে পিছু হটা কঠিন হয়ে যায়!’ এই বক্তব্যে কোথাও ভারতের পক্ষ নেওয়ার কথা ছিল না। বদলে ছিল কূটনৈতিক সমাধান ও দীর্ঘমেয়াদি স্বার্থের কথা। কিন্তু সেটাকেই বোর্ডের একাংশ রাজনৈতিক রঙে রাঙিয়ে ফেলেছে বলে মত ওয়াকিবহাল মহলের।
ভারতীয় বোর্ড, আইপিএল আর বাড়তি উত্তাপ
এই বিতর্কের মধ্যে সামনে এসেছে আরেকটি সংবেদনশীল প্রসঙ্গ। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (Board of Control for Cricket in India) নাকি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল স্কোয়াড থেকে ছাড়ার বিষয়ে ভাবার অনুরোধ জানিয়েছে। যদিও এই অনুরোধ কতটা আনুষ্ঠানিক কিংবা আদৌ সত্য কিনা—তা স্পষ্ট নয়।