কাটার, স্লোয়ার আর ডেথ ওভারের নিয়ন্ত্রণ—এই তিন অস্ত্রেই বছরের পর বছর নিজেকে কীভাবে প্রাসঙ্গিক রেখেছেন তিনি, তা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে এই রেকর্ড।

মুস্তাফিজুর রহমান
শেষ আপডেট: 4 January 2026 12:19
দ্য ওয়াল ব্যুরো: মাঠের বাইরে বিতর্ক। মাঠে ইতিহাস। আপাতত এমনই দুই বিপরীত দুনিয়ায় দাঁড়িয়ে মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে আচমকা বাদ পড়ার জল্পনা, রাজনৈতিক চাপ, বোর্ডের সিদ্ধান্ত—সব কিছুর মধ্যে শুক্রবার টি–২০ ক্রিকেটে এমন এক মাইলফলক ছুঁয়ে ফেললেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার, যা এতদিন কেউ করে দেখাতে পারেননি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমে মুস্তাফিজুর রহমান হাসিল করলেন টি–২০ ইতিহাসের দ্রুততম পেসার হিসেবে ৪০০ উইকেটের পেরনোর নজির।
৩১৫ ম্যাচেই ৪০০ উইকেট: নতুন বেঞ্চমার্ক
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে ম্যাচেই ইতিহাস লেখেন মুস্তাফিজুর। নিজের ৩১৫তম টি–টোয়েন্টি ম্যাচে তিনি পৌঁছে যান ৪০০ উইকেটের মাইলফলকে—যা কোনও পেসারের ক্ষেত্রে প্রথম। এই ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। প্রথমে ফেরান মেহেদি হাসান মিরাজকে, তারপর আউট করেন আফিফ হোসেন ধ্রুব ও খালেদ আহমেদকে। এই তিন উইকেটই তাঁর নাম তুলে দেয় রেকর্ডের পাতায়।
মুস্তাফিজুরের টি–২০ পরিসংখ্যান:
ম্যাচ: ৩১৫
উইকেট: ৪০২
ইকোনমি: ৭.৪৩
চার উইকেট: ৬ বার
পাঁচ উইকেট: ৪ বার
কাটার, স্লোয়ার আর ডেথ ওভারের নিয়ন্ত্রণ—এই তিন অস্ত্রেই বছরের পর বছর নিজেকে কীভাবে প্রাসঙ্গিক রেখেছেন তিনি, তা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে এই রেকর্ড।
আইপিএল থেকে বাদ, সিদ্ধান্তের নেপথ্যে কী?
এই ঐতিহাসিক কীর্তির ঠিক আগের দিনই বড় ধাক্কা। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএল ২০২৬ মরশুমের আগে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যা নেওয়া হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (Board of Control for Cricket in India) নির্দেশ মেনে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানান, বোর্ডের তরফে কেকেআর-কে মুস্তাফিজুরকে রিলিজ করতে বলা হয়েছিল। বদলি খেলোয়াড় নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে আইপিএল মিনি-নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কেকেআর তাঁকে দলে নেয়। তবে নিলামের পর থেকেই বিষয়টি রাজনৈতিক ও সামাজিক বিতর্কে জড়িয়ে পড়ে। সেই চাপই শেষ পর্যন্ত সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
মুস্তাফিজুর নিজে অবশ্য বিষয়টিকে শান্তভাবেই নিয়েছেন। তাঁর কথায়, ‘এটা আইপিএলের সিদ্ধান্ত। আমার হাতে কিছু ছিল না।’
মাঠের বাইরে উত্তেজনা, বিশ্বকাপ নিয়েও প্রশ্ন
এই ঘটনার রেশ গিয়ে পড়েছে আন্তর্জাতিক স্তরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) নির্দেশ দিয়েছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup 2026) ভারতের ভেন্যু নিয়ে আপত্তি জানাতে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) জানিয়েছেন, প্রয়োজনে শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করা হবে। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার কথাও আলোচনায় এসেছে।