আমি মনে করি, দল সিরাজ যে এক্স-ফ্যাক্টরটি নিয়ে আসে তা মিস করবে।

হরভজন সিং
শেষ আপডেট: 21 August 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup) ২০২৫-এর জন্য ভারতের ১৫ সদস্যের দলে ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) অন্তর্ভুক্ত না করায় বিস্ময় প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)। অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি মঙ্গলবার (১৯ আগস্ট) দল ঘোষণা করেছে। দল ঘোষণার পরই আগারকর অ্যান্ড কোংয়ের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল বা মহম্মদ সিরাজ এই দলে স্থান পাননি। যশস্বীকে নিয়ে সেভাবে আলোচনা না হলেও শ্রেয়স ও সিরাজ স্কোয়াডে না থাকায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিংয়ের দাবি হল, সিরাজের উপস্থিতিতে দল আরও শক্তিশালী হতো। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ভারতের ২-২ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সিরাজ সীমিত ওভারের ক্রিকেটেও দুর্দান্ত পারফর্ম করেছেন।
হরভজন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, “আমার মনে হয় মহম্মদ সিরাজের নাম দলে থাকা উচিত ছিল। সাম্প্রতিক সিরিজে সিরাজ খুব ভাল বোলিং করেছে। যদি তাকে নেওয়া হত, তাহলে দল আরও শক্তিশালী দেখাত। বোলিং ইউনিট আরও শক্তিশালী দেখাত। আমি মনে করি, দল সিরাজ যে এক্স-ফ্যাক্টরটি নিয়ে আসে তা মিস করবে।”
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সিরাজ ১৬টি ম্যাচে ৭.৭৯ ইকোনমি রেটে ১৪টি উইকেট নিয়েছেন। আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সের হয়ে তাঁর অভিষেক মরশুমেও এই ফাস্ট বোলার দুরন্ত পারফর্ম করেছেন। গত আইপিএলে তিনি ১৫টি ম্যাচে ১৬টি উইকেট নেওয়ার পাশাপাশি মোট ১৫১টি ডট বল করেন।
সিরাজ শেষবার ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে। তবে এশিয়া কাপের দলের মজার বিষয় হল, ২০২৫ সালের আইপিএলে ২৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতা প্রসিদ্ধ কৃষ্ণকে রিজার্ভ খেলোয়াড়দের মধ্যে রাখা হয়েছে, আর মূল দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা।