আপাতত ধীরে ধীরে উত্তেজনা অন্তরালে। এশিয়া কাপের গেড়ো কাটল। আশা করা হচ্ছে, এবার মেয়েদের বিশ্বকাপও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 2 July 2025 10:37
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম নাশকতা (Pahelgham Attack) ও ভারত-পাক সীমান্ত সংঘর্ষের ছাপ পড়ল না এশিয়া কাপে (Asia Cup 2025)। আগে চাউর হয়েছিল, বিসিসিআই (BCCI) এই টুর্নামেন্ট বয়কট করতে চলেছে। যদিও সাম্প্রতিক সময়ে উত্তেজনা অনেকটা থিতিয়ে যাওয়ার পর দু’দেশের ক্রিকেট বোর্ড কাছাকাছি আসে। প্রতিযোগিতা নিয়ে যে অনিশ্চয়তার মেঘ জমেছিল, সেটাও কেটে যায়। গতকাল জানা যায়, এশিয়া হচ্ছে। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে থেকে টুর্নামেন্ট শুরু। প্রাথমিক সূচিও প্রস্তুত। খুব বড় কিছু না ঘটলে রদবদলের সম্ভাবনা নেই বললেই চলে!
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) তরফ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে ৫ সেপ্টেম্বর। ফাইনাল ২১ নভেম্বর। চলবে ১৭ দিন ধরে। অংশ নেবে ছ’টি দেশ—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি। তার মধ্যে ভারত-পাক মহাযুদ্ধ (India vs Pakistan in Asia Cup) ৭ সেপ্টেম্বর। সূত্রের খবর, সমস্ত দেশের সরকার সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলিকে অংশগ্রহণের সবুজ সংকেত দিয়েছে। তারপরই এসিসি (ACC) কালবিলম্ব না করে কোমর বেঁধে নেমেছে।
কোন ফর্ম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে? সূত্রের খবর, গ্রুপ পর্ব ও সুপার ফোর—এই দুই স্তরে সমস্ত ম্যাচ বিন্যস্ত। যার অর্থ ভারত বনাম পাকিস্তান একবার নয়, অন্তত দু’বার আয়োজনের কথা। প্রথমটা গ্রুপ স্তরে ৭ তারিখ, পরেরটা ১৪ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, চলতি বছরই ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির আঁচ পড়ে এশিয়া কাপেও (Asia Cup)। চলতি বছর অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার চিন্তা শুরু করে ভারত। বিসিসিআইয়ের (BCCI) এক আধিকারিক কারণ হিসেবে জানান—যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) মাথায় রয়েছেন পাকিস্তানি মন্ত্রী মহসিন নাকভি (Mohsin Naqvi), তাই তাদের আয়োজিত কোনও টুর্নামেন্টেই খেলতে নামবে না ভারতীয় দল। সীমান্ত সংঘর্ষ ও পহেলগামে জঙ্গি নাশকতার পর ‘পাকিস্তান’ এখন গোটা দেশের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই তারা রয়েছে, এমন কোনও টুর্নামেন্টে এই মুহূর্তে ভারত অংশ নিতে প্রস্তুত নয়।
যদিও আপাতত ধীরে ধীরে উত্তেজনা অন্তরালে। এশিয়া কাপের গেড়ো কাটল। আশা করা হচ্ছে, এবার মেয়েদের বিশ্বকাপও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। ভারত, শ্রীলঙ্কা যুগ্মভাবে আয়োজনের বরাত পেয়েছে। পাকিস্তান অংশ নিলে খেলবে শ্রীলঙ্কার ময়দানে।