পাকিস্তান আর প্রতিযোগিতামূলক দল নয়। আমি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে এটি বলছি কারণ আমি তাদের অতীতের দল দেখেছি। এই দলের সেই স্তর নেই।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 16 September 2025 10:28
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup) ম্যাচে টিম ইন্ডিয়া পাকিস্তানকে (India vs Pakistan) হারানো পর ভারতীয় খেলোয়াড়রা চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি। আর এর পর থেকেই বিতর্ক ক্রমশ দানা বাঁধছে। অনেকেই মনে করছেন পহেলগাম কাণ্ডের পরিপ্রেক্ষিতে একদম সঠিক কাজ করেছে সূর্যকুমার যাদব ব্রিগেড।
তবে এই দলে নিজেকে রাখেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় দলের করমর্দন (Handshake Row) না করার বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। কিংবদন্তি ভারতীয় ব্যাটার সৌরভ বলেছেন, সন্ত্রাসবাদ কেবল ভারত এবং পাকিস্তান থেকে নয়, বিশ্বের প্রতিটি কোণ থেকে শেষ হওয়া উচিত।
রবিবার দুবাইয়ে খেলা ম্যাচে ভারত পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে। পুরো ম্যাচ জুড়ে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের দিকে মনোযোগ দেয়নি। টসের পরও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সলমন আগাকে এড়িয়ে যান। এমনকি ম্যাচ শেষ হওয়ার পরও সৌজন্য দেখিয়ে সূর্যকুমার যাদব এবং শিবম দুবে পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করে সরাসরি প্যাভিলিয়নে ফিরে আসেন।
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ এই প্রসঙ্গে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, “সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত, কেবল ভারত এবং পাকিস্তানেই নয়, পুরো বিশ্বে। আপনি অনেক কিছু ঘটতে দেখেছেন, এটিও বন্ধ হওয়া উচিত। কিন্তু কোনও কিছুই খেলাধুলা থামাতে পারে না। সন্ত্রাসবাদ সারা বিশ্বে বন্ধ হওয়া উচিত।”
পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর বিষয়ে বাংলার মহারাজ অবশ্য কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, “সূর্যকুমার যাদবকে জিজ্ঞাসা করতে হবে, তাকেই উত্তর দিতে হবে। আমি অনেক দূরে আছি, আমি আমার পোশাকের ব্র্যান্ড চালু করছি। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, এটুকুই বলব।” পাশাপাশি সৌরভ জানান, তিনি ভারত-আফগানিস্তান ম্যাচটি দেখতে উন্মুখ। তিনি বলেন, “পাকিস্তান আর প্রতিযোগিতামূলক দল নয়। আমি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে এটি বলছি কারণ আমি তাদের অতীতের দল দেখেছি। এই দলের সেই স্তর নেই। ইতিহাস বলছে, এশিয়া কাপে ভারত পাকিস্তান যে কোনও দলের চেয়ে অনেক এগিয়ে। তবে এখন এমন এক বা দুই দিন আসতে পারে যখন ভারত হেরে যাবে। যদিও বেশিরভাগ দিনই ভারত সেরা দল হবে।”
সৌরভ জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে একতরফা ম্যাচ দেখে তিনি মোটেও অবাক হননি। তিনি বলেন, “আমি যা দেখেছি, তাতে আমি অবাক হইনি। প্রথম ১৫ ওভারের পর আমি ম্যাচ দেখা বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখা শুরু করি। ভারত ও পাকিস্তানের মধ্যে এখন কোনও প্রতিযোগিতা নেই। আমরা পাকিস্তানকে এমন একটি দল হিসাবে দেখেছি যেখানে ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রাম, সাঈদ আনোয়ার এবং জাভেদ মিয়াঁদাদের মতো খেলোয়াড়রা ছিলেন। কিন্তু আজকের পাকিস্তানের ক্ষেত্রে এটি নয়, এখন এটি সম্পূর্ণ ভিন্ন। কোনও প্রতিযোগিতা নেই। আমি ভারতকে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা বা আফগানিস্তানের সঙ্গে খেলতে দেখতে চাই। আমার মনে হয় না যে, এখন ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও প্রতিযোগিতা আছে। আমরা এটিকে অতিরঞ্জিত করে চলেছি এবং গত পাঁচ বছর ধরে সমস্ত প্রচার ভেঙে গিয়েছে। এটি একটি একতরফা ম্যাচ।”