এই জয়ে ভারতীয় দলের জন্য বড় বার্তা রেখে গেল দক্ষিণ আফ্রিকা। কারণ, কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে টেস্ট সিরিজ আর সেখানে এমন পারফরম্যান্সই হতে পারে প্রোটিয়াদের আত্মবিশ্বাসের ভিত্তি।
.jpeg.webp)
ছবি: গুগল
শেষ আপডেট: 9 November 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: নামটা যদিও ‘বেসরকারি টেস্ট’। কিন্তু লড়াইয়ে কোনও ঘাটতি ছিল না। আর সেই টক্করেই রীতিমতো চমক দেখাল দক্ষিণ আফ্রিকা ‘এ’ (South Africa A)। রবিবার বেঙ্গালুরুতে (Bengaluru) ৪১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় পেল তারা। সেই সঙ্গে সিরিজও সমতায় (১-১)।
প্রোটিয়াদের এই ঐতিহাসিক জয়ের নায়ক তিন ব্যাটার—জর্ডান হারম্যান (Jordan Hermann), লেসেগো সেনোকোয়ানে (Lesego Senokwane) ও জুবায়ের হামজা (Zubayr Hamza)। তিনজনই হাফসেঞ্চুরির গণ্ডি পেরোন—হারম্যান ৯১, সেনোকোয়ানে ৭৭ আর হামজা ৭৭ রান করেন। ভারতের টেস্ট নিয়মিতদের নিয়ে তৈরি বলিং আক্রমণও এদিন তাঁদের থামাতে পারেনি।
চতুর্থ দিনে ৪১৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নামে সাউথ আফ্রিকা ‘এ’। শুরু থেকেই দারুণ তালমিল ছিল দুই ওপেনার হারম্যান ও সেনোকোয়ানের। দু’জনে মিলে প্রথম উইকেটে যোগ করেন ১৫৬ রান। শেষ পর্যন্ত প্রথম ব্রেকথ্রু এনে দেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। হারম্যানকে ফেরান তিনি। তারপর হর্ষ দুবের (Harsh Dubey) বলে এলবিডব্লিউ হন সেনোকোয়ানে।
দুই ওপেনার আউট হয়ে গেলেও প্রোটিয়াদের রানের গতি থামেনি। হামজা ও তেম্বা বাভুমা (Temba Bavuma) মিলে গড়েন শতরানের পার্টনারশিপ (১০৭)। ভারতীয় বোলারদের উপর তখন চাপ বাড়ছে। শেষমেশ ফের আঘাত হানেন প্রসিদ্ধ—হামজার স্টাম্প উড়িয়ে! কিছুক্ষণ পর মহম্মদ সিরাজ (Mohammed Siraj) আউট করেন মার্ক অ্যাকারম্যানকে (Marques Ackerman)। আর আকাশ দীপ (Akash Deep) তুলে নেন বাভুমার উইকেট।
শেষ পর্যন্ত ম্যাচ ঘুরে যায় কনর এস্টারহুইজেনের (Connor Esterhuizen) হাতে। ৫৩ বলে অপরাজিত ৫২ রানে জিতিয়ে দেন দলকে। তাঁর সঙ্গে ছিলেন টিয়ান ভ্যান ভুরেন (Tiaan van Vuuren), যিনি ২৩ বলে ২০ রান করেন। ৯৮ ওভারে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা—তিন ওভার বাকি থাকতেই শেষ হয় খেলা।
ভারতের বোলারদের মধ্যে সিরাজ, আকাশ দীপ নেন একটি করে উইকেট আর প্রসিদ্ধ দুটো। কুলদীপ যাদব (Kuldeep Yadav) উইকেটহীন, ১৭ ওভারে দেন ৮১ রান। হর্ষ দুবে-ও ব্যর্থ—২৫ ওভারে ১১১ রান দিয়ে নেন মাত্র এক উইকেট।
প্রথম ইনিংসে ১৩৪ রানের ঝড়ো ইনিংসের জন্য ম্যাচের সেরা হন প্রোটিয়া অধিনায়ক মার্ক অ্যাকারম্যান। এই জয়ে ভারতীয় দলের জন্য বড় বার্তা রেখে গেল দক্ষিণ আফ্রিকা। কারণ, কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে টেস্ট সিরিজ আর সেখানে এমন পারফরম্যান্সই হতে পারে প্রোটিয়াদের আত্মবিশ্বাসের ভিত্তি।