ইডেনের গ্যালারি ভরবে। আবহাওয়া গরম। ম্যাচও। প্রশ্ন—ভারত আগ্রাসী ব্যাটিং ধরে রাখবে, নাকি ওয়েস্ট ইন্ডিজের ঈর্ষণীয় লাইন-আপ শেষ হাসি হাসবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ আপডেট: 1 March 2026 10:28
দ্য ওয়াল ব্যুরো: হিসেব একটাই—জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়। এমনই আবহে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রবিবার মুখোমুখি ভারত (India) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইট পর্বে আজকের ম্যাচ কার্যত ‘অলিখিত’ কোয়ার্টার ফাইনাল। জয়ী দল মুম্বইয়ে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে।
রবিবাসরীয় লড়াই শুরু সন্ধ্যায়। তার আগে আলোচনায় একটিই নাম—রিঙ্কু সিং (Rinku Singh)। বাবা প্রয়াত হয়েছেন অতিসম্প্রতি। ব্যক্তিগত শোকের কারণে কয়েকদিন দলের বাইরে ছিলেন। তিনি দলে ফিরেছেন ঠিকই, কিন্তু অনুশীলনে না থাকায় প্রথম একাদশে ফিরবেন কিনা, তা নিয়ে জোর জল্পনা।
ভারতের সমীকরণ: ব্যাটিং চাঙ্গা, বোলিংয়ে প্রশ্ন
জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ২৫৬/৪—এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর। ওপেনিংয়ে সঞ্জু স্যামসন (Sanju Samson) আক্রমণাত্মক। অভিষেক শর্মাও (Abhishek Sharma) অর্ধশতরান করে ছন্দে ফিরেছেন। ঈশান কিষাণ (Ishan Kishan), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও তিলক বর্মা (Tilak Varma) মিলে ব্যাটিং ইউনিটকে গভীরতা দিচ্ছেন। বিশেষ করে তিলকের ১৬ বলে অপরাজিত ৪৪ দলকে অন্য উচ্চতায় তুলে দেয়। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) তো ফিনিশারের ভূমিকায় আছেনই।
তবে বোলিংয়ে কিছু উদ্বেগ আছে। বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) প্রত্যাশামতো কার্যকর নন। কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) দলে আনা ঠিক হবে কি না, সেই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে। শিবম দুবেও (Shivam Dube) ধারাবাহিক নন। তবে জসপ্রীত (Jasprit Bumrah), অর্শদীপ (Arshdeep Singh) ও হার্দিক—এই ত্রয়ীর উপরই ভরসা রাখছে ভারত।
ওয়েস্ট ইন্ডিজ: গভীর ব্যাটিং, ভারসাম্যপূর্ণ দল
দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে হার ছাড়া এমনিতে টুর্নামেন্টে ধারাবাহিক ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং (Brandon King) ও শাই হোপ (Shai Hope) শুরুটা গড়ে দেন। তিন নম্বরে শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) আক্রমণ বাড়ান। পাওয়েল (Rovman Powell) ও রাদারফোর্ড (Sherfane Rutherford) মাঝের ওভারে গতি তোলেন। লোয়ার অর্ডারে রোমারিও শেফার্ড (Romario Shepherd), জেসন হোল্ডার (Jason Holder)—ব্যাটিং গভীরতা বাড়াচ্ছেন। স্পিনে আকিল হোসেন (Akeal Hosein) বড় ভূমিকা নিতে পারেন। কোচ ড্যারেন স্যামিও (Darren Sammy) জানেন, ইডেনে বড় ম্যাচ কীভাবে জিততে হয়। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন তিনি।
সম্ভাব্য একাদশ
ভারত: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে/রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ/কুলদীপ, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।
ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেস, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, ম্যাথিউ ফোর্ড, মোটি।
ইডেনের গ্যালারি ভরবে। আবহাওয়া গরম। ম্যাচও। প্রশ্ন—ভারত আগ্রাসী ব্যাটিং ধরে রাখবে, নাকি ওয়েস্ট ইন্ডিজের ঈর্ষণীয় লাইন-আপ শেষ হাসি হাসবে? সেমিফাইনালের দরজা খুলবে কার জন্য জানা যাবে আজ রাতেই।