শুভমানের কাঁধে এখন শুধু পারফরম্যান্স নয়, কৌশলগত পরিপক্বতারও বড় চাপ। সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা গেছে, ভারতের পেস আক্রমণ ধার হারাচ্ছে, স্পিনাররা মাঝেমধ্যে নিষ্ক্রিয়। ফলে নেতৃত্বের দক্ষতা আর বোলার ব্যবহারের বিচক্ষণতা—দুই-ই এবার সবচেয়ে বড় পরীক্ষার জায়গা।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 11 November 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে শুভমান গিলের (Shubman Gill) অধিনায়কত্বে টেস্টে নতুন অধ্যায় শুরু করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু এবার সামনে একেবারে আলাদা চ্যালেঞ্জ। টেস্ট ক্রিকেটে ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা (South Africa) হাজির ভারত সফরে। তেম্বা বাভুমার (Temba Bavuma) নেতৃত্বে প্রোটিয়ারা যেমন ছন্দে আছে, তাতে গিলের নেতৃত্ব বড়সড় পরীক্ষার মুখে।
চলতি বছর জুনে লর্ডসে (Lord’s) অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা জিতেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC)। ২৭ বছর পর কোনও আইসিসি ট্রফি তাদের হাতে উঠেছে। তারপর থেকে বাভুমারা ১০টি টেস্টে ৯ জয়ের সুবাদে অপরাজিত, একটিমাত্র ম্যাচ ড্র। এমন দলের মুখোমুখি হতে চলেছে ভারত, যারা এখনও ঘরের মাঠে নিজেদের আগের দাপট ফিরে পেতে ব্যর্থ! ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হারের সেই ধাক্কা আজও বিস্মৃত হয়নি।
চাপ আরও বেড়েছে। কারণ বেঙ্গালুরুর বেসরকারি টেস্টে (South Africa A vs India A) ভারতীয় ‘এ’ দলকে ৪১৭ রানের টার্গেট চেজ করে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই টিমে ছিলেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদবের মতো পোড়খাওয়া বোলার। কেউই ছাপ ফেলতে পারেননি। ফলে ব্যাটসম্যানরা নন, বরং দলের বোলিং ইউনিট নিয়েই জমেছে একগুচ্ছ প্রশ্ন। ফলে সিরিজের আগে প্রস্তুতি চেয়ে চিন্তা অনেক বেশি।
নম্বর তিনে কে?
ভারতের ব্যাটিং অর্ডারের সবচেয়ে অমীমাংসিত পজিশন তিন নম্বর। ইংল্যান্ড সফর থেকে সাই সুদর্শন (Sai Sudharsan) ওয়ান ডাউনে খেলছেন, কিন্তু এখনও নিজের জায়গা পাকা করতে অসফল। ৯ ইনিংসে তাঁর রান ২৭৩—মাঝেসাঝে ঝলক দেখা গেলেও ধারাবাহিকতা নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৮৭ ও ৩৯ রানের ইনিংস ছিল আশা-জাগানো, কিন্তু দক্ষিণ আফ্রিকার গতিময় আক্রমণের সামনে ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার।
অন্যদিকে, টিম ম্যানেজমেন্ট ভাবছে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) তিন নম্বরে তুলে এনে তাঁকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে ব্যবহার করতে। তবে সেই পরীক্ষা আসন্ন সিরিজেই হবে কি না, তা স্পষ্ট নয়।
অলরাউন্ডার ধাঁধা
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নীতীশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) দু’ম্যাচে সুযোগ দিয়েছিল ভারত। কিন্তু তিনি ব্যাট-বলে খুব বেশি কিছু করতে পারেননি। ৪৩ রানই একমাত্র স্মরণীয় ইনিংস। এমন পারফরম্যান্সে তাঁর ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। সেই জায়গায় অক্ষর প্যাটেল (Axar Patel) হয়তো অনেক বেশি কার্যকর হতে পারেন, বিশেষ করে ঘরোয়া পিচে। কোচ ও ম্যানেজমেন্টকেই এখন সিদ্ধান্ত নিতে হবে, কাকে তাঁরা মূল অলরাউন্ডার হিসেবে তৈরি করতে চান।
গিলের নেতৃত্বের পরীক্ষা
শুভমান গিলের নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে তাঁর বোলার রোটেশন নিয়ে প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন (R. Ashwin)। তাঁর কথায়, ‘গিল বোলারদের ছোট ছোট স্পেলে ব্যবহার করছে, কিন্তু টেস্টে সেটা চলে না। লম্বা স্পেলেই উইকেট আসে।’
দলের তরুণ অধিনায়ক হিসেবে শুভমানের কাঁধে এখন শুধু পারফরম্যান্স নয়, কৌশলগত পরিপক্বতারও বড় চাপ। সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা গেছে, ভারতের পেস আক্রমণ ধার হারাচ্ছে, স্পিনাররা মাঝেমধ্যে নিষ্ক্রিয়। ফলে নেতৃত্বের দক্ষতা আর বোলার ব্যবহারের বিচক্ষণতা—দুই-ই এবার সবচেয়ে বড় পরীক্ষার জায়গা।
ঘরের মাঠে গৌরব ফেরানো যাবে কি?
বিগত দশকে ঘরের মাঠে ভারতের রেকর্ড ছিল প্রায় অপরাজেয়। কিন্তু গত দু’বছরে সেই ধার কমেছে। এবার প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজটাই নির্ধারণ করবে, গিলের নেতৃত্বে ভারত নতুন করে আত্মবিশ্বাস খুঁজে পায় কি না।
এই সিরিজ শুধু পয়েন্ট বা পরিসংখ্যানের নয়, গর্ব ও প্রতিপত্তির লড়াইও বটে। যদি ভারত দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আবার নিজেদের শক্ত জমি ফিরে পাবে গিল অ্যান্ড কোম্পানি।