কাল অগ্নিপরীক্ষা। শুধু দুই টিমের নয়, গৌতম গম্ভীরের নয়… গুয়াহাটিতে পিচ কিউরেটরেরও।

নজর এখন গুয়াহাটির বাইশ গজে
শেষ আপডেট: 21 November 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। ইডেনে যা হয়েছিল, তারপর স্বাভাবিকভাবেই নজর এখন পিচে। প্রথমবার টেস্ট আয়োজন করছে গুয়াহাটি, ভারতও এখানে আগে কোনও টেস্ট খেলেনি—ফলে অনিশ্চয়তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে জুড়েছে আগাম সূর্যাস্তের ঝামেলা। সন্ধে সাড়ে চারটার আগেই অন্ধকার নেমে আসছে, তাই টেস্টে চা বিরতি হবে লাঞ্চের আগে—ব্যতিক্রমী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলো–ঘাটতির জন্য।
ম্যাচের আগের দিন পিচে দেখা গেল বেশ পুরু ঘাসের স্তর। তলায় লাল মাটি। ইডেনের (Eden Gardens) মতো শেষ মুহূর্তে জল না দেওয়ার ভুল এখানে হয়নি—বৃহস্পতিবারই পিচে জল ছড়ানো হয়। ইডেনের উইকেট প্রথম দিন থেকে অসম বাউন্স আর তীব্র টার্নে ব্যাটারদের ভুগিয়েছিল। ১২৪ রানও তুলতে পারেনি টিম ইন্ডিয়া। ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চরম স্পিন–অবসেশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ইডেনের পিচকে সমর্থন করলেও, ব্যাটিং কোচ সিতাংশু কোটাক (Sitanshu Kotak) পরিষ্কার জানিয়ে দেন—এমন টার্নিং ট্র্যাক তাঁরা চাননি… কিউরেটরকে আড়াল করতেই নাকি গম্ভীর যা বলার বলেছেন!
গুয়াহাটির পিচ নিয়ে তাই কৌতূহল তুঙ্গে। ভারত যদি হারে, তা হলে টানা দ্বিতীয় বছর ঘরের মাঠে হোয়াইটওয়াশ—২০২৪–এ নিউজিল্যান্ডের (New Zealand) কাছে ০–৩ হওয়ার পর ফের একই বিপদ চোখ রাঙাচ্ছে।
ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) পরিষ্কার জানালেন—এই উইকেট ব্যাটার–বান্ধবই হবে প্রথম দুই দিন। এরপর স্বাভাবিকভাবেই স্পিনাররা ম্যাচে ঢুকবেন। জায়গাটা তাঁর নিজের কাছেও বেশ স্পেশ্যাল—এখানেই ওডিআই অভিষেক হয়েছিল পন্থের। এবার প্রথমবার টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন। বলেন, ‘এই পিচে ব্যাট করা সহজ হবে প্রথম দিকে। দুই দিনের পর টার্ন আসবে। ইডেনের চেয়ে অনেক ভারসাম্যপূর্ণ উইকেট।’
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমারও (Temba Bavuma) একই রায়। তাঁর কথায়, ‘এই পিচ অনেক বেশি ফ্রেশ। ইডেনের মতো ভ্যারিয়েবিলিটি নেই। প্রথম দুই দিন ব্যাটিং ভালো হবে, তারপর স্পিন কাজে লাগবে।’সেই সঙ্গে তিনি নিশ্চিত করলেন—কাগিসো রাবাডা (Kagiso Rabada) দ্বিতীয় টেস্টেও খেলছেন না।
এতকিছুর মধ্যে বদলে গেছে সময়। অন্ধকার নামার আগেই খেলা শেষ করতে টস হবে সকাল ৮.৩০–এ, খেলা শুরু ৯টায়। চা বিরতি ১১টায়, লাঞ্চ ১.২০–এ—সম্পূর্ণ উল্টো মেনু!
কাল অগ্নিপরীক্ষা। শুধু দুই টিমের নয়, গৌতম গম্ভীরের নয়… গুয়াহাটিতে পিচ কিউরেটরেরও। শেষ পর্যন্ত উইকেট ব্যাটিং–সহায়ক হচ্ছে, নাকি ইডেনের মতো ব্যাটারদের পরীক্ষা নেবে—এটাই এখন বড় প্রশ্ন। সিরিজের ভাগ্য অনেকটাই নির্ভর করছে এই নতুন বাইশ গজের আচরণের উপর।